গোদাগাড়ীতে মানববন্ধন॥ আমার পানি, আমি আগে চাই

“My water, I want it first”
নিজস্ব প্রতিবেদক: ১৪ অক্টোবর ২০২৫ ০৭:০০ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ১৪ অক্টোবর ২০২৫ ০৭:০০ অপরাহ্ন
গোদাগাড়ীতে মানববন্ধন॥ আমার পানি, আমি আগে চাই
“আমার পানি, আমি আগে চাই” এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

“আমার পানি, আমি আগে চাই” এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ীতে অনুষ্ঠিত হয়েছে পানি বৈষম্যের প্রতিবাদে এক মানববন্ধন। মঙ্গলবার বেলা ১১টায় গোদাগাড়ী উপজেলা প্রশাসনিক ভবনের সামনে “গোদাগাড়ী স্বার্থ সংরক্ষণ পরিষদ”-এর ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন বিভিন্ন পেশার মানুষ, নারী-পুরুষ ও আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, সুলতানগঞ্জ থেকে ওয়াসার ট্রান্সপ্লান্ট ট্রিটমেন্ট পাইপলাইনের মাধ্যমে শহরে লক্ষ লক্ষ লিটার পানি নেওয়া হচ্ছে, অথচ গোদাগাড়ী ও তানোর উপজেলার মানুষ বিশুদ্ধ পানির অভাবে ভুগছে।

গোদাগাড়ী স্বার্থ সংরক্ষণ পরিষদের আহ্বায়ক মোস্তারুজ্জামান লাভলু বলেন,“গোদাগাড়ী থেকে পানি নিয়ে শহরে সরবরাহ করা হচ্ছে, অথচ আমরা আয়রন ও আর্সেনিকযুক্ত পানি খেতে বাধ্য হচ্ছি। শহরের মানুষ যেমন মানুষ, আমরাও মানুষ। আমাদের হিস্যা পূরণ না করে শহরে পানি নেওয়া হবে এটা মেনে নেওয়া যাবে না।”

তিনি আরও বলেন, লেয়ার নিচে নেমে যাওয়ায় বরেন্দ্র অঞ্চলে পানির স্তর বিপজ্জনকভাবে কমে যাচ্ছে। তাই প্রথমে স্থানীয়দের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হবে, তারপর শহরে সরবরাহ করা যেতে পারে।

মানববন্ধনে উপস্থিত গোদাগাড়ী উপজেলা কৃষক দলের আহ্বায়ক ও সাবেক গোগ্রাম ইউপি চেয়ারম্যান হযরত আলী বলেন, “আমরা বরেন্দ্র অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে পানির অভাবে কষ্ট পাচ্ছি। আমাদের ট্রিটমেন্টকৃত পানি দেওয়া হোক, তারপর শহরের পানি যাক। পাশাপাশি পাইপ লাইন স্থাপনের সময় যাদের ঘরবাড়ি বা গাছ কাটা হয়েছে, তাদের ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে।”

মানববন্ধনে আদিবাসী সম্প্রদায়ের নারীরাও সক্রিয়ভাবে অংশ নেন। আদিবাসী নারী মুক্তা রাণী বলেন, “আমরা গ্রামের মানুষ, প্রতিদিন খেটে খাই। আমাদের টিউবওয়েলে পানি ওঠে না, অন্যের বাড়ি থেকে পানি আনতে হয়। এখন তারা শহরে পানি নিতে চায়, অথচ আমরা পানির কষ্টে আছি। আগে আমাদের পানি দিন, তারপর শহরে দিন।”

মানববন্ধনে অংশগ্রহণকারীরা “আমাদের পানি আমাদের অধিকার”, “সম্পদ ব্যবহারে স্থানীয় সিদ্ধান্তের অধিকার চাই”, “আমাদের দোকান ভাঙার ক্ষতিপূরণ দাও”, “গোদাগাড়ীতে পাইপ লাইনে গ্যাস সংযোগ দিতে হবে” এসব প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে তাদের দাবি জানান।

মানববন্ধনের পর গোদাগাড়ী স্বার্থ সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি অনুলিপি প্রদান করা হয়।

উল্লেখ্য, এর আগে পদ্মা নদী থেকে উত্তোলিত বিশুদ্ধ পানির ন্যায্য অংশ গোদাগাড়ী উপজেলার জনগণের জন্য সংরক্ষণের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেয় “গোদাগাড়ী স্বার্থ সংরক্ষণ পরিষদ”।