সালাহউদ্দিন আম্মার

দলীয় পরিচয়ের বাইরে গিয়ে আমরা কাজ করতে চাই

Salahuddin Ammar
অনলাইন ডেস্ক ১৭ অক্টোবর ২০২৫ ১২:১৯ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক ১৭ অক্টোবর ২০২৫ ১২:১৯ অপরাহ্ন
দলীয় পরিচয়ের বাইরে গিয়ে আমরা কাজ করতে চাই
সংগৃহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভিপি নির্বাচিত হয়েছেন ছাত্রশিবিরের প্যানেলের মোস্তাকুর রহমান জাহিদ। তিনি রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতিও। তবে জিএস নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্যানেল আধিপাত্যবিরোধী ঐক্যের সালাহউদ্দিন আম্মার।

এজিএস এসএম সালমান সাব্বিরও এসেছেন শিবিরের প্যানেল থেকে। এখন দলীয় পরিচয়ের বাইরে গিয়ে সবার সঙ্গে একসঙ্গে কাজ করতে চান নবনির্বাচিত জিএস সালাহউদ্দিন আম্মার। শুক্রবার সকালে ফল ঘোষণার পর সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় তিনি এ কথা বলেন।

আম্মার বলেন, ‘আমরা একসাথেই কাজ করতে চাই। দলীয় পরিচয়ের বাইরে গিয়ে আমরা এক হয়ে কাজ করব। আমাদের পরিচয় হবে ভিপি, জিএস-এজিএস এভাবে। কোন দলীয় পরিচয় নয়।’

তিনি বলেন, ‘সবার অক্লান্ত পরিশ্রমের ফসল এসেছে। এ বিজয়টা উৎসর্গ করতে চাই, ফিলিস্তিনের মুসলিম ভাই- বোনদের। উৎসর্গ করতে চাই আমার বাবাকে, যে বাবা আমার আন্দোলন-সংগ্রামের জন্য নির্যাতন সহ্য করেছেন। বিজয় উৎসর্গ করতে চাই আমার মাকে। যিনি অভ্যুত্থান থেকে এ পর্যন্ত চলতে আমাকে নীরবে-নিভৃতে পরামর্শ দিয়ে এসেছেন।’

খুলনার কয়রার ছেলে সালাহউদ্দিন আম্মার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক।