ঝিনুক শিল্প রক্ষার আন্দোলনে কক্সবাজার সুগন্ধা বিচের সাধারণ ব্যবসায়িরা
'ঝিনুক-শামুক' দেশের শিল্প বাণিজ্যের প্রসারিত মাধ্যম। এসব দিয়ে তৈরি হয় বাসাবাড়ি সাজানো এবং নারীদের সাজগোজের অনেক কিছুই। যা দেশি-বিদেশি পর্যটক ও স্থানীয়দের আকর্ষণ করে। দেশের শেষ প্রান্ত কক্সবাজার জেলা এই ঝিনুক শিল্পের জন্য অত্যন্ত পরিচিত। বিশেষ করে সমুদ্র সৈকত কেন্দ্রীক।
বিশ্বের দীর্ঘ কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে শত শত মানুষ আছেন যুগ যুগ ধরে এই পেশার সাথে জড়িত। তাদের জীবন জীবিকার মাধ্যম এই ঝিনুক। যা দিয়ে বছর বছর ধরে পরিবার পরিজন চলে।
দীর্ঘ ২৫/৩০ বছর ধরে রাজস্ব দিয়ে বিচে ভাসমান (ফেরি করে) এবং ছোটখাটো দোকান বসিয়ে চলছে ঝিনুক ব্যবসা। ঝিনুকের ক্ষুদ্র এই ব্যবসায়িরা স্থানীয়দের ছাড়াও দেশ ও বিদেশের পর্যটকদের চাহিদা মিটিয়ে আসছে। সাম্প্রতিক এসব ব্যবসায়িরা আতংকগ্রস্ত হয়ে পড়েছে। তারা উচ্ছেদ আতংকে ভুগছে। কার্ড বাতিলসহ নানা বিষয়ে প্রশাসনের সিদ্ধান্তে আন্দোলনমুখী হয়ে মাঠে নেমেছে। তারা এই পেশায় বেঁচে থাকতে প্রশাসনিক সহযোগিতা কামনা করেছে। ইতিমধ্যে সংবাদ সম্মেলন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে। সরকারের কাছে তাদের মিনতি ব্যবসা করা সবার অধিকার। কেউ বড়সড় করে আর কেউ ছোটখাটো করে সংসার চালায়। তাদের বাপদাদার এবং ইতিহাস ঐতিহ্যের এই পেশা যেন তারা ধরে রাখতে পারে ঝামেলামুক্ত পরিবেশে দুমুঠো আহার যোগাড় করতে পারে এক্ষেত্রে সরকারের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন।
বৃহত্তর সুগন্ধা বীচ ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির সভাপতি, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক (সভাপতি পদপ্রার্থী) জয়নাল আবেদীন জানিয়েছেন, টাকাওয়ালারা নানাভাবে ছড়িয়ে ছিটিয়ে ব্যবসা করতে পারলে বিচে আমার নিরীহ ক্ষুদ্র ঝিনুক ব্যবসায়িরা কেন পারবে না! ঝিনুক দেশের শিল্প। পর্যটন ও পর্যটকদের আকর্ষণ এবং সৌন্দর্য। এটি রক্ষার দায়িত্ব সরকারের। আমরা সঠিক সিদ্ধান্ত কামনা করি।
তিনি বলেন, সমুদ্র সৈকতের শৃঙ্খলা, সৌন্দর্য, উন্নয়নের অংশীদার ঝিনুক শিল্পে জড়িতরাও। তারা কেউ চান না পরিবেশের ক্ষতিসাধন৷ পরিবেশ উপযোগী ও পরিবেশবান্ধব ঝিনুক শিল্প রক্ষার দাবি কক্সবাজার জেলাবাসির।
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষার নামে ঝিনুক শিল্প ধ্বংস করার পায়তারা বন্ধ করুন, অন্যতায় সাধারণ হকার রাস্তায় নামতে বাধ্য হবে।
জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আজিম খান জানান, ঝিনুক ব্যবসায়িদের ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। তবে তাদের দীর্ঘদিনের পেশা এবং মানবিক বিবেচনায় বিকল্প কিছু হতে পারে।