বিএনপির দুগ্রুপের সংঘর্ষে দুই ভাই নিহতের ঘটনায় কারাগারে ৫

Two brothers killed in clash between two BNP groups
অনলাইন ডেস্ক: ১৮ অক্টোবর ২০২৫ ০৫:০১ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক: ১৮ অক্টোবর ২০২৫ ০৫:০১ অপরাহ্ন
বিএনপির দুগ্রুপের সংঘর্ষে দুই ভাই নিহতের ঘটনায় কারাগারে ৫
..............সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে নাচোলের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন, নাচোল উপজেলার ঘাঁসুরা এলাকার টুটুল আলীর ছেলে সুমন আলী (৩২), মারকইল গ্রামের হুমায়ন কবীরের ছেলে মো. রাকিব আলী (২৫), মৃত আমজাদ হোসেনের ছেলে শরীফুল ইসলাম (৬০), শরীফুল ইসলামের ছেলে তারেক মনোয়ার, ফুলবাড়ী গ্রামের মামুনুর রশীদের ছেলে ইউসুফ আলী।

ওসি মনিরুল ইসলাম বলেন, মামলা দায়েরের পর থেকেই আসামিদের ধরতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে পুলিশ। বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে চারজনই এজাহারভুক্ত আসামি। 

শুক্রবার (১৭ অক্টোবর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মনিরুল ইসলাম। 

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৪ অক্টোবর) নাচোল উপজেলার মারকইল এলাকায় বিএনপির সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের সমর্থকদের সঙ্গে জেলা বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিন সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৫ জন আহত হন। আহতদের মধ্যে বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় মিলন আলী ও রাতে আলম আলী নামে দুই ভাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সংঘর্ষে হত্যা ও লুটপাটের অভিযোগে নাচোল থানায় আলাদা তিনটি মামলা দায়ের করা হয়েছে।