সৃস্ট জলাবদ্ধতায় আমন চাষ নিয়ে শঙ্কিত কৃষকরা
রাজশাহীর চারঘাটে অপরিকল্পিত পুকুর খনন, অবৈধ ভাবে খাল দখল ও কালভার্টের মুখ বন্ধের কারণে তিন ফসলি জমিগুলো পানির নিচে ডুবে গেছে । অনেক এলাকার বসত বাড়িতেও জলাবদ্ধতা তৈরি হয়েছে। কৃষকেরা নালা কেটে বিলের পানি সরানোর চেষ্টা করছেন। তা খুব একটা কাজে আসছে না। ফলে আমন চাষে চরম ক্ষতির মুখে পড়েছেন উপজেলার কৃষকরা।
উপজেলা কৃষি অধিদফর সূত্র জানিয়েছে, উপজেলার প্রায় কয়েক’শ হেক্টর আমন চাষ উপযোগী জমিতে জলাব্ধতা রয়েছে। পানি নিষ্কাশন না হওয়ায় এই জমিগুলো এখনও জলাবদ্ধতায় নিমজ্জিত রয়েছে। জলাবদ্ধতা দূর করতে না পারায় আমন ধান চাষ করতে পারে নাই কৃষকগন। কৃষকের অভিযোগ অপরিকল্পিত পুকুর খননের কারনে বৃষ্টিতে জমিতে জমে থাকা পানি সরে যাওয়ার তেমন কোনো লক্ষন নেই।
উপজেলা কৃষি অধিদফতর সূত্রে আরও জানা যায়, উপজেলায় চলতি আমন মৌসুমে পাঁচ হাজার ৪৫০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে জলাবদ্ধতা থাকায় লক্ষমাত্রার চেয়ে ৫০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে।সরেজমিন চারঘাটের ভাটপাড়া, শলুয়া, বালিয়াডাঙা, সাদীপুর, কৈ ডাঙা, বালুদিয়াড়সহ আমন চাষের বিলগুলোতে দেখা গেছে থই থই পানি।
স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে ফসলি জমিতে পুকুর খনন করা হয়েছে। পুকুর পাড় উঁচু করে লাগানো হয়েছে কলাসহ বিভিন্ন জাতের গাছ। এতে পানি চলাচল করতে পারছে না। বিলের পানি নেমে যাওয়ার সমস্ত পথ বন্ধ করা হয়েছে। ফলে এসব জমিতে ফসল চাষ করা কঠিন হয়ে পড়েছে।
মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় পুকুরের সংখ্যা ৩ হাজার ৪০২টি। ছয় বছর আগে এ সংখ্যা ছিল ২ হাজার ৭৬২টি। এক যুগ আগে ছিল ১ হাজার ৯৩০টি পুকুর। এসব পুকুরের অধিকাংশই অবৈধভাবে খনন হয়েছে তিন ফসলি জমিতে।
উপজেলার পাইটখালী এলাকার কৃষক হিমেল বলেন, বিগত আওয়ামীলীগ সরকারে প্রভাবশালী ব্যাক্তিদের অবৈধ ভাবে পুকুর খননের কাছে জিম্মি ছিলো এলাকার কৃষকরা। জমির মালিকদের কাছে থেকে লিজ নিয়ে প্রশাসনের নাকের ডগার ওপর দিয়ে একের পর এক অবৈধ পুকুর খনন করা হলেও কৃষকের কথা চিন্তা করেনি কেউ। ফলে আজ তিন ফসলি জমিতে জমে থাকা পানি বের হতে পারছেন না। ফলে সৃস্টি হয়েছে জলাবদ্ধতা।
উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান বলেন, ৬৮০ হেক্টর জমি জলাবদ্ধ হয়ে পড়েছে। প্রায় ৩৮০ হেক্টর জমিতে আমন চাষ হয়নি। অধিক বৃষ্টি ও অপরিকল্পিত ভাবে পুকুর খননের ফলে পানি নিষ্কাশনের ব্যবস্থাও নেই। অধিক বৃষ্টিপাতের ফলে কিছু কিছু উচুঁ জমিতে আমন চাষ হওয়ায় লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌছেছি বলে জানান তিনি।