রাজশাহীর ছয় আসন

ঢাকায় ডাক না পেয়ে হতাশ বিএনপির মনোনয়নপ্রত্যাশী অনেকেই

Many BNP nomination hopefuls disappointed after not receiving invitations to Dhaka
নিজস্ব প্রতিবেদক: ২৮ অক্টোবর ২০২৫ ১১:৪৩ পূর্বাহ্ন নির্বাচিত সংবাদ
নিজস্ব প্রতিবেদক: ২৮ অক্টোবর ২০২৫ ১১:৪৩ পূর্বাহ্ন
ঢাকায় ডাক না পেয়ে হতাশ বিএনপির মনোনয়নপ্রত্যাশী অনেকেই
সংগৃহীত ছবি

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। রাজশাহী বিভাগের ৩৯টি সংসদীয় আসনের মনোনয়নপ্রত্যাশীদের সোমবার বিকেলে গুলশান কার্যালয়ে সাক্ষাৎকার নেওয়া হয়। মনোনয়নের আশায় মাঠে ছিলেন, এমন অনেকেই সাক্ষাৎকারের জন্য ডাক পাননি। এ নিয়ে তারা চরম হতাশা প্রকাশ করছেন।

সোমবার রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে বগুড়া বাদে অন্য সাত জেলার প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। রাজশাহী জেলার ছয়টি সংসদীয় আসনে মনোনয়নপ্রত্যাশী অর্ধশতাধিক। তবে অল্প কিছু নেতাকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। ফলে অধিকাংশ মনোনয়নপ্রত্যাশী সাক্ষাৎকারে না ডাকায় ক্ষুব্ধ হয়েছেন। তাদের সমর্থকদের মধ্যেও দেখা দিয়েছে চাপা ক্ষোভ ও অসন্তোষ। যদিও ক্ষোভ তারা সাংগঠনিক শাস্তির ভয়ে প্রকাশ্যে কথা বলছেন না। নাম প্রকাশ করে গণমাধ্যমে বক্তব্যও দিতে রাজি হননি।

তবে মনোনয়নপ্রত্যাশীরা বলছেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই তাঁরা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছিলেন। দীর্ঘ সময় মাঠে থেকে সংগঠন ও কর্মীদের নিয়ে কাজ করেছেন। সাক্ষাৎকারে না ডাকায় তাঁরা কর্মী-সমর্থকদের কাছে হেয় প্রতিপন্ন হয়েছেন। তাঁদের রাজনৈতিক সক্ষমতা ও সাংগঠনিক দক্ষতা নিয়ে এলাকায় প্রশ্ন উঠেছে। পাশাপাশি দলীয় হাইকমান্ডের কাছে তাঁদের গ্রহণযোগ্যতা নিয়েও শুরু হয়েছে সমালোচনা। মনোনয়নপ্রত্যাশীদের অভিযোগ, রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতারা পক্ষপাতিত্ব করেছেন। তাঁরা নিজেদের পছন্দের ও ঘনিষ্ঠ নেতাদের সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ দিয়েছেন।

দলীয় সূত্র জানায়, বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারে অংশ নিতে হোয়াটসঅ্যাপে নির্দেশনা পাঠান। সেই বার্তায় বলা হয়, অংশগ্রহণকারীরা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দনের কাছ থেকে পরিচয়পত্র সংগ্রহ করবেন। এরপর থেকেই ডাক পাওয়া ও না পাওয়া নিয়ে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে শুরু হয় তুমুল আলোচনা। কেউ কেউ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করে সাক্ষাৎকারে অংশ নেওয়ার চেষ্টা চালান। সোমবার বিকাল সাড়ে চারটা পর্যন্ত তদবির চললেও বেশিরভাগই শেষ পর্যন্ত আমন্ত্রণ পাননি।

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে মনোনয়নপ্রত্যাশী রয়েছেন অন্তত দশজন। সাক্ষাৎকারে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, গোদাগাড়ী উপজেলা বিএনপির সদস্য ও শিল্পপতি সুলতানুল ইসলাম তারেক এবং জিয়া পরিষদের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ বিপ্লব।

তবে এই আসনের অনেক মনোনয়নপ্রত্যাশী সাক্ষাৎকারে ডাক না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। রাজশাহী জেলা বিএনপির সাবেক এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিভাগীয় নেতারা চরম পক্ষপাতিত্ব করেছেন। যাঁরা তোষামোদ করেন, কেবল তাঁদেরই অগ্রাধিকার দেওয়া হয়েছে। এতে দলীয় উদারতার বদলে সংকীর্ণতা প্রকাশ পেয়েছে।

সাক্ষাৎকারে অংশ নেওয়া অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ বিপ্লব বলেন, ‘সকল মনোনয়নপ্রত্যাশীকে ডাকলে দলীয় শৃঙ্খলা আরও শক্তিশালী হতো। সবাই নির্দেশনা পেলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারতেন। তবে মনোনয়ন যাঁরাই পান না কেন, সবাইকে দলের সিদ্ধান্ত মেনে নিতে হবে।’

রাজশাহী-২ (সদর) আসন থেকে সাক্ষাৎকারে অংশ নেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সিটি মেয়র মিজানুর রহমান মিনু ওমহানগর বিএনপির সদ্যসাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ইশা। দলীয় সূত্রে জানা গেছে, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতও এ আসনে মনোনয়নপ্রত্যাশী। এই আসনের সকল মনোনয়নপ্রত্যাশীই সাক্ষাৎকারে অংশ নেওয়ার আমন্ত্রণ পাওয়ায় ক্ষোভ বা হতাশা দেখা যায়নি।

রাজশাহী-৩ (মোহনপুর-পবা) আসন থেকে সাক্ষাৎকারে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক এবং মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন। তিনি ২০১৮ সালের নির্বাচনে একই আসনে দলীয় প্রার্থী ছিলেন। এছাড়া অংশ নেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্র-যুবদল নেতা রায়হানুল আলম রায়হান এবং মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সামাদ। তবে এই আসনের আরও কয়েকজন মনোনয়নপ্রত্যাশী ডাক না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন।

রাজশাহী-৪ (বাগমারা) আসন থেকে সাক্ষাৎকারে অংশ নেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান জিয়া এবং জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল। এই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী রয়েছেন এক ডজনেরও বেশি।

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে সাক্ষাৎকারে অংশ নেওয়া নেতাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, বিএনপির মিডিয়া সেলের সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা, পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা শ্রমিক দলের সভাপতি রুকনুজ্জামান আলম, সদস্য নজরুল ইসলাম মণ্ডল এবং সাবেক এমপি নাদিম মোস্তফার ছেলে জুলকার নাঈম মোস্তফা বিষ্ময়।

এই আসনের এক মনোনয়নপ্রত্যাশী নাম প্রকাশ না করে বলেন, বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতারা মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছেন। তাঁরা অভিভাবকের মতো আচরণ করলে দল আরও ঐক্যবদ্ধ থাকত। সকলকে ডাকলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা সবাই পেতেন এবং একসাথে কাজ করা সহজ হতো।

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে সাক্ষাৎকারে অংশ নেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান খান মানিক এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল। এ আসনেও মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা দশের বেশি। নাম প্রকাশ না করা এক নেতা বলেন, ‘কেন্দ্রীয় আমন্ত্রণের দায়িত্বে থাকা ব্যক্তিদের বিষয়ে মুখ খুললে বিপদ আছে। তাঁরা নিজেদের লোকদেরই ডেকেছেন। এতে দলের ক্ষতি হয়েছে, আর ভবিষ্যতে এর মাসুল দিতে হবে।’

তবে বিএনপির কেন্দ্রীয় এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘প্রত্যেক আসনে মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা অনেক বেশি। হয়তো হাইকমান্ডের বিশেষ কোনো নির্দেশনা ছিল কারা সাক্ষাৎকারে অংশ নেবেন তা নিয়ে। আর সাক্ষাৎকারে অংশ নেওয়া মানেই মনোনয়ন পাওয়া নয়।’

সাক্ষাৎকার বঞ্চিত মনোনয়নপ্রত্যাশীদের ক্ষোভের বিষয়ে জানতে বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

সূত্র : উওরভূমি