দুই দিন গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা

Titus gas
অনলাইন ডেস্ক ২৯ অক্টোবর ২০২৫ ১১:৩২ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ২৯ অক্টোবর ২০২৫ ১১:৩২ পূর্বাহ্ন
দুই দিন গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকায় দুই দিনব্যাপী গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

হরিপুর ভাল্ব স্টেশনের মডিফিকেশন ও আন্তঃসংযোগ আইসোলেশন কাজের কারণে বুধবার (২৯ অক্টোবর) রাত ১০টা থেকে শুক্রবার (৩১ অক্টোবর) রাত ১০টা পর্যন্ত, মোট ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কাজের অংশ হিসেবে জিটিসিএল ও তিতাসের সঞ্চালন লাইনের বেশ কয়েকটি আন্তঃসংযোগ ভাল্ব সাময়িকভাবে বন্ধ রাখা হবে। এর মধ্যে রয়েছে—জিটিসিএলের লাঙ্গলবন্দ স্টেশনের ৩০ ইঞ্চি ব্যাসের ১০০০ পিএসআইজি ভাল্ব, দেওয়ানবাগ স্টেশনের ৮ ইঞ্চি ব্যাসের ভাল্ব এবং দিঘীবরাব সিজিএসের ২০ ইঞ্চি আন্ডারগ্রাউন্ড ভাল্ব।

প্রয়োজনে তারাব ও দিঘীবরাব স্টেশনের আরও কিছু ভাল্বও বন্ধ রাখা হতে পারে। এর ফলে বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত (১২ ঘণ্টা) শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরের পুরো নারায়ণগঞ্জ, পঞ্চবটি, মুক্তারপুর, মুন্সিগঞ্জ, শ্যামপুর (বিসিক) ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

একই সময়ে ইজিসিবির ৪১২ মেগাওয়াট, ৩৩৫ মেগাওয়াট ও ২×১২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রেও গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তবে ১২ ঘণ্টা পর লাঙ্গলবন্দ স্টেশনের ভাল্ব খুলে দেওয়া হলে বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছে তিতাস।

তবে নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকায় ৩১ অক্টোবর রাত ১০টা পর্যন্ত গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকতে পারে।

পুরো ৪৮ ঘণ্টা ধরে রূপগঞ্জ, কাঁচপুর, যাত্রামুড়া, মদনপুর, বন্দর, কাঞ্চন, মুড়াপাড়া, ভুলতা, আধুরিয়া, আড়াইহাজার, সিটি ইকোনমিক জোন ও রহিম এনার্জি লিমিটেড এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

তিতাসের নারায়ণগঞ্জ অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী মো. আতিকুল ইসলাম বলেন, হরিপুর ভাল্ব স্টেশনে এই উন্নয়নমূলক কাজটি গ্যাস সরবরাহ ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে সহায়ক হবে। কাজ শেষ হলে নারায়ণগঞ্জ অঞ্চলের চাপজনিত সমস্যা অনেকাংশে সমাধান হবে এবং শিল্প ও আবাসিক গ্রাহকরা আরও স্থিতিশীল সরবরাহ পাবেন। আমরা জানি, এই সময়ের মধ্যে ভোক্তারা কিছুটা ভোগান্তিতে পড়বেন—তবে এটি একটি দীর্ঘমেয়াদি স্থায়িত্বের প্রয়োজনে নেওয়া পদক্ষেপ।