কোল জনগোষ্ঠীর ৫ পরিবারকে উচ্ছেদ জাতীয় আদিবাসী পরিষদ নেতৃবৃন্দের সরেজমিন পরিদর্শন
রাজশাহীর গোদাগাড়ীতে উচ্ছেদের পর নিরুপায় হয়ে বাঁশঝাড়ে আশ্রয় নিয়েছে কোল জনগোষ্ঠীর কয়েকটি পরিবার। আজ বুধবার সকালে সেখানে গিয়ে তাঁদের খোঁজখবর নেন জাতীয় আদিবাসী পরিষদের নেতৃবৃন্দ।
বাঁশঝাড়ে আশ্রয় নেওয়া পরিবারগুলোর খোঁজ নিয়েছেন জাতীয় আদিবাসী পরিষদের নেতারা। এ সময় তাঁরা জানান, কোল জাতিগোষ্ঠীর পরিবারগুলোকে হিন্দু সাজিয়ে জাল দলিলের মাধ্যমে এই জমির মালিকানা দাবি করেছে প্রতিপক্ষ। বাড়ি ভেঙে যে ক্ষতি করা হয়েছে, তা ক্ষতিপূরণের পাশাপাশি পরিবারগুলোর পুনর্বাসন করতে হবে। আপাতত তাঁদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করতে হবে। নোটিশ প্রাপ্তি নিশ্চিত না করে বাড়ি ভাঙার সঙ্গে যারা জড়িত, তাঁদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। সেই সঙ্গে ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিচিত্রা তিরকি, সাধারণ সম্পাদক নরেন পাহান, সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, দপ্তর সম্পাদক নকুল পাহান, চাপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক টুনু পাহান, নওগাঁ জেলার সাধারণ সম্পাদক অজিত মুন্ডা, নওগাঁর পোরশা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আইচন পাহান, সদস্য রতন মিনজ প্রমুখ।