ভারতে থাকা ব্যক্তির জমি রেজিস্ট্রি করে নিল প্রতারক চক্র
প্রায় ২০ বছর ধরে ভারতে অবস্থান করছেন জিতেন্দ্র নাথ পোদ্দার। ২০০৭ সালে এনআইডি কার্ড করতে অল্পদিনের জন্য এসে আবার ফিরে যান। এরপর দেড় যুগেরও বেশি সময় ধরে দেশেও আসেননি, নিজের রেখে যাওয়া জমি বিক্রিও করেননি।
অথচ সেই জিতেন্দ্র নাথ পোদ্দারের জমি জালিয়াতির মাধ্যমে রেজিস্ট্রি করে নেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের বেলকুচি সাব-রেজিস্ট্রি অফিসে।
অভিযোগ উঠেছে সাব-রেজিস্ট্রার মাসুদ রানা, অফিস সহকারী নজরুল ইসলাম ও দলিল লেখক আব্দুল মতিনের যোগসাজশে ভুয়া ক্রেতার জাল স্বাক্ষরে ৩০ লাখ টাকা মূল্যের জমি রেজিস্ট্রি করা হয়। আর এর মূল হোতা বগুড়া জেলার শেরপুর উপজেলার সমীরন মণ্ডল নামে এক প্রতারক।
এ বিষয়ে দলিল বাতিলের জন্য বেলকুচি সাব-রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন জিতেন্দ্রনাথ পোদ্দারের ভাতিজা উত্তম কুমার পোদ্দার। ভুক্তভোগী জিতেন্দ্র উপজেলার গাবগাছী গ্রামের মৃত বেনী মাধব পোদ্দারের ছেলে।
গাবগাছি গ্রামের উত্তম কুমার পোদ্দার, শচীন্দ্র নাথ, খুশি রানী পোদ্দার ও দুলালী পোদ্দারসহ স্থানীয় একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, চলতি বছরের ১১ ফেব্রুয়ারি জিতেন্দ্র নাথ পোদ্দারের রেকর্ডীয় বাড়ি ও ফসলি জমির ২৮.৩৮৩ শতাংশ রেজিস্ট্রি করে নিয়েছেন বীরেন্দ্র নাথ পোদ্দার। এই দলিলে সাক্ষী ও শনাক্তকারী হয়েছেন ক্রেতার একমাত্র মেয়ের জামাই সমীরন মণ্ডল। কিন্তু জমির মালিক জিতেন্দ্র দেশেই আসেননি।
তারা বলেন, ২০-২২ বছর আগে জিতেন্দ্র নাথ পোদ্দার ভারতে পাড়ি জমিয়েছেন। ২০০৭ সালে দেশে কয়েকদিনের জন্য এসেছিলেন। এরপর ১৮ বছর ধরেই ভারতে রয়েছেন তিনি। ভারতে অবস্থান করা জিতেন্দ্র নাথের সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি দেশেই আসেননি, তার জমি রেজিস্ট্রি হয় কীভাবে?
এদিকে জাল স্বাক্ষরে রেজিস্ট্রি করে নেওয়া ওই জমি বিক্রির জন্য দফায় দফায় বাড়িতে ক্রেতা নিয়ে আসছেন সমীরন মণ্ডল। ইতোমধ্যে বাড়িতে থাকা দুটি ঘর ও স্থাপনা ভেঙে বিক্রিও করেছেন তিনি।
অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক শচীন্দ্র নাথ বলেন, জিতেন্দ্র নাথের বড় ভাই বীরেন্দ্র নাথ। তিনি অনেকটা বয়োবৃদ্ধ। তার কোনো ছেলে নেই, একমাত্র মেয়ে ও মেয়ে জামাই সমীরন মণ্ডলই সব সম্পত্তির ওয়ারিশ হবেন। এজন্য বয়োবৃদ্ধ শ্বশুরের নামে ওই জমি জাল দলিল করে নিয়ে এখন বিক্রির চেষ্টা করছেন সমীরন।
এই জাল দলিলের সঙ্গে বেলকুচি সাব রেজিস্ট্রার, অফিসের কর্মচারী এবং দলিল লেখকও জড়িত বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান।
এদিকে ভারতে থাকা জিতেন্দ্র নাথ বলেন, দেশে আমার বাড়ি ও মাঠে বেশ কিছু সম্পত্তি আছে। ওই সম্পত্তি আমি বিক্রি করিনি। আমি ১৮ বছর ধরে বাংলাদেশেই যাইনি। শুনলাম আমার জমি দলিল করে নিয়েছে। সমীরন একটা প্রতারক। সে ষড়যন্ত্র করেই এমনটা করেছে। আমি শিগগিরই দেশে এসে এ ব্যাপারে ব্যবস্থা নেব।
তবে সব অভিযোগ অস্বীকার করে সমীরন মণ্ডল বলেন, জিতেন্দ্র নাথ মণ্ডল দেশেই আছেন। আমরা তাকে ৩০ লাখ টাকা দিয়ে জমিটা কিনেছি। দেশে কোথায় আছেন জিতেন্দ্র নাথ - এমন প্রশ্নের কোনো উত্তর না দিয়ে উল্টো সাংবাদিদেরকেই খুঁজে বের করতে বলেন।
দলিল লেখক আব্দুল মতিন বলেন, আমি কাগজপত্র ভালো পেয়েছি। এক ভাইয়ের সম্পত্তি আরেক ভাই কিনছে। আমি শুধু দলিলটা লিখে দিয়েছি। বিক্রেতা জিতেন্দ্র নাথ উপস্থিত ছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি সেটা তো বলতে পারবো না, কাগজপত্র ভোটার আইডি কার্ড, ছবি এবং লোক অফিসের সামনে জমা দিয়েছি স্যার রেজিস্ট্রি করে দিয়েছেন। আমি তো লোকজন চিনি না।
এ বিষয়ে বক্তব্য নিতে সাব-রেজিস্ট্রার মাসুদ রানার কাছে গেলে তিনি ভিডিও বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়ে বলেন, আমি আইনের ছাত্র। দলিল জাল হয়েছে কিনা সেটা আদালত বুঝবে। বলেই তিনি আইনের বই খুলে দেখান সাংবাদিকদের।
জিতেন্দ্র নাথ দেশে না এলেও তার জমি রেজিস্ট্রি কীভাবে হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কমিশন গঠন করে দিয়েছিলাম। অফিস সহকারীর নেতৃত্বে কমিশন তার বাড়িতে গিয়ে রেজিস্ট্রি করেছে। এখানে আমার কোনো দায় নেই।
জেলা রেজিস্ট্রার শরীফ তোরাফ হোসেন বলেন, জাল দলিল হয় না, জাল পারসন হতে পারে। এটার ব্যাপারে যদি কোনো অভিযোগ আসে তদন্ত সাপেক্ষে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।