মেয়েদের মেসেজ দিয়ে ভুল করিনি’

West Bengal actor Riju Biswas
অনলাইন ডেস্ক ০১ নভেম্বর ২০২৫ ০৬:৫৭ অপরাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক ০১ নভেম্বর ২০২৫ ০৬:৫৭ অপরাহ্ন
মেয়েদের মেসেজ দিয়ে ভুল করিনি’
সংগৃহীত ছবি

ওপার বাংলার অভিনেতা ঋজু বিশ্বাস এবং এক উঠতি মডেলের ব্যক্তিগত কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। সেই মডেলের দাবি, অভিনেতা তাকে মেসেজ দিয়ে উত্ত্যক্ত করেছেন। 

এরপর একে একে আরও কয়েকজন নারী ঋজুর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় সরব হন। পরিস্থিতি জটিল হতেই এবার মুখ খুললেন অভিনেতা ঋজু বিশ্বাস।

মায়ের অসুস্থতার কারণে প্রায় সাত মাস ধরে স্টুডিওপাড়া থেকে দূরে রয়েছেন তিনি। এরমধ্যেই যে এই কাণ্ড হবে, তা তিনি স্বপ্নেও ভাবেননি। তবে বিতর্কের মুখে আত্মপক্ষ সমর্থনে অভিনেতা যা বললেন, তা রীতিমতো চমক সৃষ্টি করেছে।

তার দাবি, ‘মিথ্যা কথা বলতে একেবারেই পছন্দ করি না, বলিও না এক্ষেত্রেও করতে চাইনি। আমি মেসেজ করেছি অনেককেই। কিন্তু শাড়িতে ভালো লাগছে বলা কি অন্যায়? আমার মাকেও দু’দিন আগে প্রশংসা করেছি একই ভাবে।’

এই ঘটনার পর আইনি পদক্ষেপ নিয়েছেন ঋজু। তিনি জানিয়েছেন, সেই উঠতি মডেলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন।