অসময়ের বৃষ্টিতে ডুবল ফসল, ভেসে গেল পুকুরের মাছ
অসময়ে রাজশাহীর বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টিপাত হয়েছে। এতে ডুবে গেছে মাঠের ফসল। বিশেষ করে শত শত বিঘা জমির ধানের গাছ পড়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেসে গেছে বিভিন্ন বিলের পুকুরের মাছ। শুক্রবার দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও রাজশাহীর বিভিন্ন এলাকায় এ বৃষ্টি হয়।
তবে কী পরিমাণ বৃষ্টি হয়েছে তা জানা যাচ্ছে না। কারণ, বৃষ্টি পরিমাপ করা হয় রাজশাহী শহরের শ্যামপুর এলাকায় অবস্থিত আবহাওয়া পর্যবেক্ষণাগারে। এখানে তেমন বৃষ্টিপাত হয়নি। শুক্রবার রাত থেকে শনিবার বিকেল ৩টা পর্যন্ত এখানে মাত্র ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, ‘শুনছি গ্রামের দিকে খুব বৃষ্টিপাত হয়েছে। তবে শহরে আমাদের যেখানে অফিস, সেখানে বেশি বৃষ্টি হয়নি। শুক্রবার রাত থেকে শনিবার বিকেল ৩টা পর্যন্ত আমরা ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি।’
সরেজমিনে দেখা গেছে, রাজশাহীর গোদাগাড়ী, তানোর, পবা, মোহনপুর, দুর্গাপুর ও বাগমারা উপজেলায় বৃষ্টির কারণে শত শত বিঘা জমির রোপা আমন ধান শুয়ে গেছে। এসব ধান গাছের বেশিরভাগেই রয়েছে আধাপাকা শীষ। অনেক জমিতে পানিও জমে আছে। খাল-বিলও পানিতে ভরে গেছে। এসব খাল-বিল দিয়ে পানির তীব্র স্রোত বয়ে যাচ্ছে। সঙ্গে ভেসে যাচ্ছে পুকুরের মাছ।
এক রাতের টানা বৃষ্টিতে গোদাগাড়ী উপজেলার সাহাব্দিপুর এলাকার পাঁচগাছি বিলের প্রায় ৪০০ বিঘা জমির ধান পানিতে তলিয়ে গিয়েছে। এই এলাকায় রাজশাহী ওয়াসার পাইপলাইন বসানোর কাজ চলছে। এ কারণে পানি নেমে যাওয়ার পথ বন্ধ হয়ে পড়ায় বৃষ্টির পানি জমে কৃষিজমি প্লাবিত হয়েছে। এতে চাষিরা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। খবর পেয়ে সকালে এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।
রাজশাহী অঞ্চলে বিভিন্ন বিলে পুকুর খনন করে মাছ চাষ চলে। এক রাতের বৃষ্টিতে নিচু এলাকার অনেক পুকুর ভেসে গেছে। শনিবার সকাল থেকে বিলগুলোতে এলাকার লোকজনকে দল বেঁধে জাল দিয়ে মাছ ধরতে দেখা গেছে। দারুসা বিলে কথা হয় এলাকার বাসিন্দা আফসার আলীর সঙ্গে। তিনি বলেন, ‘পানিতে পুকুর ভেসে মাছ বিলে চলে এসেছে। আমরা সবাই মিলে ধরছি।’
দুর্গাপুরের মাছচাষি তুহিন হোসেন বলেন, ‘আমার চারটা পুকুরের মাছ ভেসে গেছে। প্রায় ২০ লাখ টাকার ক্ষতি। এর আগেও কয়েকবছর আগে এ রকম হয়েছিল। কেবল ঘুরে দাঁড়িয়েছিলাম। আবার ক্ষতিটা হয়ে গেল।’
তানোরের কৃষ্ণপুর এলাকার কৃষক সাইফুল ইসলাম বলেন, ‘বৃষ্টির কারণে আমার ৮ বিঘা জমির ধান পড়ে গেছে। মাঠের ৮০ ভাগ কৃষকেরই একই অবস্থা। এই ধান এখন আধাপাকা অবস্থায় কেটে নিতে হবে। তা না হলে পানির কারণে গাছেই ধানের গাছ বের হতে শুরু করবে।’
পাঁচন্দর এলাকার কৃষক বদিউজ্জামান বদি বলেন, ‘অনেকেই আগাম আলু চাষ শুরু করেছিলেন। বীজ আলু থেকে এখনও গাছ বের হয়নি। বৃষ্টির কারণে আলুর খেত ডুবে গেছে। মাটি থেকে বীজ আলুই বের হয়ে গেছে। শাক-সবজির খেতে পানি জমে গেছে। ধান শুয়ে পড়েছে। খুব ক্ষতি।’
তবে ক্ষতির পরিমাণ খুব বেশি নয় বলে দাবি করেছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি বলেন, ‘সব খেতেই ধানে শীষ আছে। এরমধ্যে ৫০ শতাংশ ধান পেকে গেছে। কৃষকরা এসব ধান এখনই কেটে নিচ্ছেন। আধাপাকা ধানগুলোও কাটা যাবে। এতে ক্ষয়ক্ষতি খুব বেশি হবে না। শুধু কাটা-মাড়াইয়ে কৃষকের একটু খরচ বাড়বে। আর শাক-সবজি ও পানের বরজ থেকে দ্রুত পানি নেমে গেলে সেখানেও ক্ষতি হবে না।’