চবি ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানার, শিক্ষার্থীদের ক্ষোভ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুটি ব্যানার টানানোর ঘটনা ঘটেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। রোববার (২ নভেম্বর) ভোররাতে ব্যানারগুলো টানানো হয় বলে জানা গেছে। তবে শিক্ষার্থীদের নজরে আসার পর এগুলো ছিঁড়ে ফেলা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন ও আবাসিক ছাত্র হল আলাওলের মূল ফটকে দুটি ব্যানার টানানো হয়। এর মধ্যে আলাওল হলের ফটকে টানানো ব্যানারে লেখা ছিল- ‘সেন্টমার্টিন ও চট্টগ্রাম বিদেশীদের হাতে দেব না। জাগো বাঙালি জাগো, মাতৃভূমি রক্ষা করো। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে।’ ব্যানারটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবিএম মহিউদ্দীন চৌধুরী ও মহিবুল হাসান চৌধুরী নওফেলের ছবি ছিল।
ক্ষোভ প্রকাশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম হোসেন রনি ফেসবুকে লেখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুটি স্থানে রাতের আঁধারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানার টানানো হয়েছে। তারা ভুলে গেছে, এটি শহিদ তরুয়া ও শহিদ ফরহাদের রক্তসিক্ত পবিত্র ক্যাম্পাস। ক্যাম্পাস নিয়ে ষড়যন্ত্রকারীদের কোনো ছাড় নয়।
শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতির কারণেই ছাত্রলীগ এমন কাজের সুযোগ পেয়েছে। আমরা এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করছি এবং সাংগঠনিকভাবে কর্মসূচি পালন করবো।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দীকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।