বরেন্দ্র অঞ্চলে শীতের আগমনী বার্তা,মৌসুমের প্রথম কুয়াশাচ্ছন্ন সকাল

Winter arrival message in Barendra region
নিজস্ব প্রতিবেদক: ০৩ নভেম্বর ২০২৫ ০৪:১৭ অপরাহ্ন বিশেষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক: ০৩ নভেম্বর ২০২৫ ০৪:১৭ অপরাহ্ন
বরেন্দ্র অঞ্চলে শীতের আগমনী বার্তা,মৌসুমের প্রথম কুয়াশাচ্ছন্ন সকাল
শরতের শেষেই প্রকৃতিতে মিলছে শীতের আগমনী বার্তা।

শরতের শেষেই প্রকৃতিতে মিলছে শীতের আগমনী বার্তা।টানা কয়েক দিনের বৃষ্টিতে গরমের তীব্রতা কমে অনুভূত হচ্ছে হালকা শীত। সবুজ ঘাসে শিশিরবিন্দু আর কুয়াশা জানান দিচ্ছে, শীত আসছে।গ্রাম এলাকায় সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত হালকা কুয়াশাচ্ছন্ন থাকছে চারপাশ। শহরও পিছিয়ে নেই।

রাজশাহীর গোদাগাড়ীসহ বরেন্দ্র অঞ্চলে নেমে এসেছে এ বছরের প্রথম কুয়াশাচ্ছন্ন সকাল। সোমবার (৩ নভেম্বর) ভোর থেকেই শহর ও আশপাশের উপজেলার গ্রামগুলোর চারপাশ মোড়ানো ছিল ঘন কুয়াশার চাদরে। এই কুয়াশাময় সকাল যেন জানিয়ে দিয়েছে, আসছে শীত, আসছে স্নিগ্ধতার মৌসুম।


শীতের এমন আগমনী ছোঁয়ায় বদলে গেছে প্রকৃতির রূপ। কুয়াশাঢাকা সকাল জানিয়ে দিচ্ছে, শীত আর বেশি দূরে নয়।এ দিন ভোরের আলো ফুটলেও মহাসড়কে যানবাহনগুলোকে চলতে দেখা যায় হেডলাইট জ্বালিয়ে। কুয়াশা ভেদ করে গন্তব্যের পথে ছুটে যায় মানুষ।

এদিকে গ্রামের মাঠে শিশিরভেজা ঘাসে খেলায় মত্ত শিশুরা যেন প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে ওঠে। মাকড়সার জালে ঝুলে থাকা শিশিরবিন্দু আর ধূসর আকাশে সূর্যের টিপটিপ আলো মিলেমিশে সৃষ্টি করে এক মনোমুগ্ধকর দৃশ্য।


গোদাগাড়ী উপজেলার পাকড়ী ইউনিয়নের কৃষক আব্দল হামিদ বলেন,প্রথমবারের মত জমিতে কাজ করার সময় সত্যিকারের শীত টের পেলাম। এখন থেকে হয়তো শীত বাড়বে।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, সোমবার ভোরে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন রোববার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে। এখন থেকে তাপমাত্রা কমবে বলেও জানান তিনি।