বাবুডাইং আলোর পাঠশালা পরিদর্শনে দুই বিদেশী পর্যটকের
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাবুডাইং আলোর পাঠশালা সোমবার পরিদর্শন করেছে দুই বিদেশী পর্যটক। তাঁরা হলেন জার্মান নাগরিক অবসরপ্রাপ্ত চিকিৎসক মাথিয়াস রিচার্ড ও সুইজারল্যান্ডের নাগরিক অবসরপ্রাপ্ত রসায়নবিদ সিলভিয়া মাউরিজিও। ‘দেশ ঘুরি’ নামে একটি ট্যুরিস্ট সংস্থার মাধ্যমে তাঁরা এ বিদ্যালয় পরিদর্শনে আসেন।
বেলা সাড়ে ১১টায় তাঁরা বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হলে ফুলের তোড়া ও মালা দিয়ে শুভেচ্ছা জানায় শিক্ষার্থীরা। এসময় তাঁদের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরিয়ে দেখান প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর। তাঁরা শ্রেণিকক্ষগুলোতে গিয়ে পাঠ উপস্থাপন দেখেন। কথা বলেন শিক্ষার্থীদের সঙ্গে। শিক্ষার্থীরাও স্বত:স্ফূর্তভাবে তাঁদের সঙ্গে ভাব বিনিময় করে। এসময় তাঁরা জানতে পারেন, এ বিদ্যালয়ে ক্ষদু জাতিসত্তা ও বাঙালি শিশুরা একসাথে পড়াশোনা করে। ইসলাম-হিন্দু-খ্রিস্টান ধর্মের শিক্ষার্থীরা নিজেদের মধ্যে কোন ভেদাভেদ না করে একবেঞ্চেই বসে পাঠ গ্রহণ করে। বিষয়টি জানতে পেরে তাঁরা খুবই খুশি হন। চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মাসুমা খাতুন তাঁদের একটি গান গেয়ে শোনায়। বিদ্যালয়ের সাংস্কৃতিক দলের শিক্ষার্থীরা তাঁদের সামনে ঐতিহ্যবাহী নাচ-গান প্রদর্শন করে। এসময় সিলভিয়া মাউরিজিও শিক্ষার্থীদের সঙ্গে নাচে অংশ নেয়। সৃষ্টি হয় একটি আনন্দদায়ক পরিবেশের। এসময় বাঙালি ও কোল ক্ষুদ্র জাতিসত্তার শিক্ষার্থীদের মাঝে সম্প্রীতি-ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ আচরণ দেখে খুশি হন তাঁরা।
অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মাথিয়াস রিচার্ড বলেন, এটি খুবই আনন্দায়ক খবর যে, এই স্কুলে আদিবাসী ও বাঙালি শিক্ষার্থীরা একসঙ্গেই বসে শান্তিপূর্ণভাবে পাঠ গ্রহণ করে। যেখানে ইসলাম-হিন্দু-খ্রিস্টান ধর্মের শিক্ষার্থীরাও একই আসনে বসে পাঠ নিচ্ছে। সম্প্রীতি-ভালোবাসার এ দৃশ্য আমাদের বিমোহিত করেছে।
প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সিলভিয়া মাউরিজিও বলেন, শিক্ষার্থীদের বন্ধুত্বপূর্ণ মনোভাব ও আন্তরিকতায় আমিও তাদের সঙ্গে নাচলাম। তাদের সঙ্গে নাচতে পেরে খুব ভালো লেগেছে। মনে হচ্ছে আমি ২০ বছরের যুবতী হয়ে গেছি। খুব খুশি হয়েছি।
তাঁরা অষ্টম শ্রেণির কক্ষে গিয়ে শিক্ষার্থী শ্যামল মার্ডিকে তাঁর জীবনের লক্ষ্য কী জিজ্ঞেস করলে সে জানায়, এসএসসি পাস করে সে সেনাবাহিনীতে যোগ দিতে চায়। অন্যদিকে একই শ্রেণির নিতন্তি টুডু জানায় সে নার্স হতে চায়। এসময় তাকে উৎসাহ দিয়ে নিজের চিকিৎসক পেশার কথা বলেন মাথিয়াস রিচার্ড। শিক্ষার্থীদের সেবামূলক কাজে যুক্ত থাকার আহ্বান জানান তিনি।
‘দেশ ঘুরি’ সংস্থার গাইড (প্রদর্শক) আফতাব-উজ-জামান নয়ন বলেন, আমাদের সংস্থার মাধ্যমে এ দুই পর্যটক আগামী ১৫ থেকে ২০ দিন বাংলাদেশ ভ্রমণ করবেন। আজ দ্বিতীয় দিনেই তাঁরা এ বিদ্যালয়ে আসার ইচ্ছা পোষণ করেছিলেন। এ বিদ্যালয়ের পরিবেশ, সৌহার্দ, সম্প্রীতি ও বন্ধুত্বমূলক পরিবেশ দেখে তাঁরা খুবই অনুপ্রাণিত হয়েছেন। সচরাচর এমন সম্প্রীতি অন্যান্য বিদ্যালয়গুলোতে দেখা যায় না। এখান থেকে আমাদের শিখতে হবে। আমাদের খুবই ভালো লেগেছে।
শেষে স্কুল থেকে বের হয়ে কোল ক্ষুদ্র জাতিসত্তার গ্রাম পরিদর্শন করেন তাঁরা।