সাবরাং ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ইউনুসের লাশ উদ্ধার
কক্সবাজারে ব্রীজের নিচ থেকে সাবেক এক ইউনিয়ন পরিষদ মেম্বার ও বিএনপি নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে দৈনিক স্বদেশ প্রতিদিনের সাথে ফোনালাপে টেকনাফ থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ নুর জানিয়েছেন, খবর পেয়ে একদল পুলিশ এদিন সকাল ৮টার দিকে হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী থেকে মোঃ ইউনুস মেম্বারের (সাবেক) মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লেনদেন সংক্রান্ত এ হত্যাকাণ্ড। জড়িতদের সনাক্তে পুলিশ কাজ করছে।
এর আগে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ রঙ্গিখালীর প্রজেক্ট ব্রীজের নিচ থেকে লাশটি উদ্ধার করে। ইউনুস আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলার আহবায়ক এবং সাবরাং ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) ছিলেন।
এদিকে হত্যাকারিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জেলা বিএনপি সভাপতি, বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, টেকনাফ উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ কক্সবাজার জেলা সভাপতি নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম, টেকনাফ উপজেলা যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম ও নাফিজ ইকবাল (মনু)।