কালমেগির আঘাতে নিহত ১৪০ , ‘জাতীয় দুর্যোগ’ ঘোষণা

140 killed in Kalmegi
অনলাইন ডেস্ক ০৬ নভেম্বর ২০২৫ ০২:৪৮ অপরাহ্ন শীর্ষ খবর
অনলাইন ডেস্ক ০৬ নভেম্বর ২০২৫ ০২:৪৮ অপরাহ্ন
কালমেগির আঘাতে নিহত ১৪০ , ‘জাতীয় দুর্যোগ’ ঘোষণা
সংগৃহীত ছবি

ফিলিপিন্সে ঘূর্ণিঝড় কালমেগির আঘাতে অন্তত ১৪০ জনের মৃত্যু ও ব্যাপক বন্যার পরিপ্রেক্ষিতে দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র দেশজুড়ে ‘জাতীয় দুর্যোগ’ ঘোষণা করেছেন।

দেশটির কেন্দ্রীয় অঞ্চল সেবু দ্বীপে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। অঞ্চলটিতে ৭১ জনের মৃত্যুর পাশাপাশি ১২৭ জন নিখোঁজ এবং ৮২ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার জাতীয় বেসামরিক প্রতিরক্ষা অফিস ১১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে।

সেবু প্রাদেশিক প্রশাসন জানিয়েছে, জাতীয় দুর্যোগ দপ্তরের হিসাবের বাইরে আরো ২৮ জনের মৃত্যুর খবর তাদের কাছে রয়েছে। বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বৃহস্পতিবার প্রেসিডেন্ট মার্কোস বলেন, প্রায় ১০ থেকে ১২টি অঞ্চল এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে। এত বিস্তৃত প্রভাবের কারণে এটিকে জাতীয় দুর্যোগ হিসেবেই ঘোষণা করা হয়েছে।

তিনি আরো জানান, সরকারের সিদ্ধান্ত শুধু কালমেগির ক্ষয়ক্ষতির জন্য নয়, বরং সপ্তাহান্তে আসন্ন আরেকটি ঝড় ‘উয়ান’-এর আগাম প্রস্তুতির অংশ হিসেবেও নেওয়া হয়েছে।

ফিলিপিন্সে কোনো এলাকা বা পুরো দেশে ‘জাতীয় দুর্যোগ’ ঘোষণার মানে হলো, বড় ধরনের প্রাণহানি, সম্পদের ক্ষতি ও জীবনযাত্রার বিপর্যয়।

এতে সরকার জরুরি তহবিল ব্যবহারের ক্ষমতা পায় এবং ত্রাণ ও প্রয়োজনীয় সামগ্রী দ্রুত বিতরণে প্রশাসনিক বাধা কমে যায়।

সূত্র :  এএফপি