জামায়াতসহ যমুনা যাত্রার মিছিল আটকে দিল পুলিশ
জাতীয় নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টা কার্যালয়ে স্মারকলিপি দিতে যমুনা অভিমুখে যাত্রা করা মিছিল রাজধানীর মৎস্য ভবন মোড়ে আটকে দিয়েছে পুলিশ।
তবে স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে গেছেন আট দলের শীর্ষ নেতারা। প্রতিনিধি দলে রয়েছেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ, খেলাফত মজলিসের নায়েবে আমির আহমদ আলী কাসেমী এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধান।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে পল্টন মোড় থেকে প্রেসক্লাব হয়ে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি শুরু হয়। মিছিলে তারা ‘নভেম্বরে গণভোট চাই’, ‘জুলাই সনদ বাস্তবায়ন করো’সহ বিভিন্ন স্লোগান দেন।
ঘোষণা অনুযায়ী সকাল থেকেই ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন এলাকা থেকে জামায়াত ও অন্যান্য দলের নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে শাপলা চত্বর অভিমুখে আসেন। পরে পুরানা পল্টনে এক সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে যাত্রা শুরু করেন। তবে মৎস্য ভবন মোড়ে পুলিশ মিছিলটি থামিয়ে দেয়।
পাঁচ দফা দাবি:-
১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন।
২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে (উচ্চ ও নিম্ন) সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪. বিগত ‘ফ্যাসিস্ট’ সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।
ইসলামী আট দল:-
এই আটটি দল হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।