ক্যাম্পের বাইরে অবৈধ বসবাসকারী ১৮ রোহিঙ্গা আটক
কক্সবাজারে বিভিন্ন ভাড়া বাসায় রোহিঙ্গা ক্যাম্প হতে অবৈধভাবে ক্যাম্পের বাইরে বসবাস করায় ৫টি পরিবারের ১৮ জন (১২ জন পুরুষ ও ৬ জন মহিলা) বসবাসকারীকে আটক করেছে র্যাব-১৫।
বিজয়বাংলা নিউজকে র্যাব জানিয়েছে, সাম্প্রতিক রোহিঙ্গা শরণার্থীরা অবৈধভাবে শরণার্থী ক্যাম্পের বাইরে বিভিন্ন ভাড়া বাসায় অবস্থান করছে। তারা ক্যাম্পের বাইরে এসে খুন, ছিনতাই, ডাকাতি, মাদকপাচার, অপহরণসহ নানাবিধ অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। ফলে কক্সবাজারসহ আশপাশের জেলাগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। ইতিপূর্বে র্যাব-১৫ ক্যাম্পের বাইরে অবস্থানকারী রোহিঙ্গাদের আটকে কয়েকটি সফল অভিযান পরিচালনা করে। রোহিঙ্গাদের অবৈধভাবে বাইরে বসবাস প্রতিরোধে ও আইন-শৃঙ্খলার উন্নয়নে র্যাব ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী তাদের অভিযান অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় রোববার রাতে র্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদে জানতে পারে কিছু সংখ্যক রোহিঙ্গা শরণার্থী অবৈধভাবে শরণার্থী ক্যাম্পের বাহিরে বিভিন্ন ভাড়া বাসায় অবস্থান করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী মরা গাছতলা এলাকায় বিভিন্ন ভাড়া বাসায় বিশেষ অভিযান পরিচালনা করে রোহিঙ্গা ক্যাম্প হতে অবৈধ ভাবে ক্যাম্পের বাহিরে বসবাসকারী নারী-পুরুষসহ ১৮ জন (১২ জন পুরুষ ও ৬ জন মহিলা) রোহিঙ্গা শরণার্থীকে আটক করে।
উল্লেখ্য যে, রোহিঙ্গাদের অবৈধভাবে ক্যাম্পের বাহিরে অবস্থান রোধে র্যাব-১৫ ও অন্যান্য আইন-শৃঙ্খালা বাহিনীর সাড়াশি অভিযান অব্যাহত থাকবে। আটক রোহিঙ্গাদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।