মনোনয়ন বাতিলের দাবিতে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করার সময় ছাত্রদল কর্মীর শরীরে আগুন
মনোনয়ন বাতিলের দাবিতে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করার সময় এক কর্মীর শরীরে আগুন ধরে যাবার ঘটনা ঘটেছে। ১০ নভেম্বর (সোমবার) বিকেলে রাজশাহীর চৌদ্দপাই এলাকায় বিক্ষোভকালে এঘটনা ঘটে।
জীবন বাঁচাতে শরীরে আগুন নিয়ে ছুটতে থাকেন শহিদুল ইসলাম নামের ঐ ছাত্রদল কর্মী। পরে তার সহকর্মীরা শরীরের জামা খুলে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
জানাগেছে, শহিদুল ইসলাম জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বিএনপির সাবেক ভূমি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কবির হোসেনের ছেলে নাসির হোসেন অস্থিরের সমর্থক।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩(পবা-মোহনপুর) আসনে নাসির হোসেন অস্থিরকে বিএনপি থেকে মনোনয়ন না দেয়ায় বিক্ষোভ করছিলেন অস্থিরের সমর্থকরা। এই আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির ত্রাণ ও পূর্নবাসন বিষয়ক সহ সম্পাদক শফিকুল হক মিলন।
জানতে চাইলে মনোনয়ন বঞ্চিত নাসির হোসেন অস্থির বলেন, আসনটিতে মনোনয়ন পেতে দীর্ঘদিন ধরে কাজ করেছি। দল আমাকে মনোনয়ন না দিলে,নিষেধ করা সত্বেও সমর্থকরা বিক্ষোভ করে। এসময় টায়ারে আগুন দিতে গিয়ে শহিদুলের শরীরে আগুন ধরে যায়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।