'আমদানির পর খালাসের আগে লবণ পরীক্ষা করা হবে'
কক্সবাজারে স্থানীয় লবণ মিল মালিকদের সাথে বার্ষিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১১ নভেম্বর সকালে জেলা প্রশাসন ও বিসিকের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমান।
সচিব বলেন, লবণ মিল মালিক ও প্রান্তিক লবণচাষী উভয়ের অধিকার সুরক্ষা করেই লবণ উৎপাদনে দেশ যাতে স্বয়ংসম্পূর্ণ হতে পারে সে লক্ষে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।
জেলা প্রশাসক মো: আ: মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিসিক চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমদসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এসময় পদস্থ সরকারি কর্মকর্তা, লবণ মিল মালিক ও প্রান্তিক লবণচাষী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বর্তমান লবণের মজুদ, দাম, লবণ মিল মালিক, প্রান্তিক চাষীদের সমস্যা ও লবণ শিল্পের সম্ভাবনার বিষয়ে আলোচনা করা হয়।
পরে সাংবাদিকদের শিল্প সচিব বলেন, শিল্প লবণের নামে খাবার লবণ আমদানী করতে দেয়া হবে না। এনিয়ে কঠোর তদারকি করা হবে। আমদানির পর খালাসের আগে লবণ পরীক্ষা করা হবে। শিল্প লবণের নামে খাবার লবণ আনা হয়েছে কিনা। অন্যদিকে লবণের ন্যায্যমূল্য নির্ধারণে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া কক্সবাজারে জমি পেলে লবণ সংরক্ষানাগার প্রস্তুত করা হবে।