আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণের চেষ্টা
সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সদর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানের মাধ্যমে সতর্ক থাকলেও নড়াইলের লোহাগড়া উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা-কর্মীরা আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণের চেষ্টা চালিয়েছে।
বুধবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে কালনা-যশোর মহাসড়কের লোহাগড়া উপজেলার সিঅ্যান্ডবি চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার পড় রাত ১২টার দিকে লোহাগড়া চৌরাস্তায় সারা দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আওয়ামী লীগের ঢাকা লকডাউনকে কেন্দ্র করে বুধবার রাত ১০টার দিকে কালনা-যশোর মহাসড়কের সিঅ্যান্ডবি চৌরাস্তা এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের লোহাগড়া পৌর শাখার নেতা-কর্মীরা রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে। এছাড়া একটি ককটেল বিস্ফোরণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে পালিয়ে যায়।
এদিকে, ককটেল বিস্ফোরিত না হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এসময় ঘটনাস্থলে বেশ কিছু চিরকুট পাওয়া যায়। যাতে লেখা ছিলো ‘শেখ হাসিনা আসবে, জয় বাংলা, লোহাগড়া পৌর ছাত্রলীগ। ১৩ তারিখ লকডাউন সফল হোক, চলো চলো ঢাকা চলো’। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
অন্যদিকে, নড়াইলে যে কোন ধরণের অপতৎপরতা ঠেকাতে বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত শহরের হাতিরবাগান মোড়ে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। এ অভিযানে ২৬টি মামলা দায়ের, ৯৫ হাজার টাকা জরিমানা ও ১১টি যানবাহন আটক করা হয়েছে।
নড়াইল ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযান চলাকালে গাড়ির কাগজপত্র না থাকায় ১১টি মোটরসাইকেল আটক করা হয়। এছাড়া, হেলমেট ও কাগজপত্র না থাকায় ২৬টি যানবাহনে মামলা দেওয়া হয় এবং ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়। ট্রাফিক আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।