বিচারকের সন্তান হত্যার ঘটনায় আইন উপদেষ্টার তীব্র নিন্দা

Dr. Asif Nazrul
অনলাইন ডেস্ক ১৩ নভেম্বর ২০২৫ ০৮:৪১ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক ১৩ নভেম্বর ২০২৫ ০৮:৪১ অপরাহ্ন
বিচারকের সন্তান হত্যার ঘটনায় আইন উপদেষ্টার  তীব্র নিন্দা
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল......সংগৃহীত ছবি

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় নৃশংস হামলায় বিচারকের ছেলে তাওসিফ রহমান (সুমন) নিহত এবং স্ত্রী তাসমিন নাহার গুরুতরভাবে আহত হওয়ার ঘটনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল তীব্র নিন্দা জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঘটনার পরপরই আইন উপদেষ্টা সকল অপরাধীকে গ্রেপ্তার ও ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে বলা হয়, আহত তাসমিন নাহারের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে।

আইন উপদেষ্টা এই মর্মান্তিক ঘটনায় নিহত তাওসিফ রহমানের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একইসঙ্গে তিনি আহত তাসমিন নাহারের দ্রুত সুস্থতা কামনা করছেন। বিচার বিভাগের সকল সদস্য ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন আসিফ নজরুল।