অবিলম্বে কুমিল্লা বিভাগ ঘোষণার দাবি কুমিল্লা সাংবাদিক ফোরাম-ঢাকার

Comilla Journalist Forum-Dhaka
অনলাইন ডেস্ক ১৬ নভেম্বর ২০২৫ ০৫:৩৬ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ১৬ নভেম্বর ২০২৫ ০৫:৩৬ অপরাহ্ন
অবিলম্বে কুমিল্লা বিভাগ ঘোষণার দাবি কুমিল্লা সাংবাদিক ফোরাম-ঢাকার
....সংগৃহীত ছবি

অবিলম্বে কুমিল্লা বিভাগ ঘোষণার দাবি জানিয়েছে ঢাকার কুমিল্লা সাংবাদিক ফোরামের (সিজেএফডি) নেতৃবৃন্দ। 

রোববার (১৬ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনে সংগঠনটির কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।

সংগঠনের সভাপতি মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. মোশাররফ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় ঢাকায় কর্মরত দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। 

সভায় অবিলম্বে বিভাগ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ নভেম্বর রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।

সাংবাদিক নেতৃবৃন্দ কোনো ধরনের তালবাহানা বা গড়িমসি না করে অতি দ্রুততার সঙ্গে কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা ও বাস্তবায়নের যৌক্তিকতা এবং ভবিষ্যত কর্মসূচি নিয়ে মূল্যবান মতামত তুলে ধরেন।

তারা বলেন, অবকাঠামো থেকে শুরু করে সব ধরনের সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও কুমিল্লাকে বিভাগ না করে যুগের পর যুগ বঞ্চিত করে রাখা হয়েছে। যখনই কুমিল্লা বিভাগ ঘোষণার সময় হয় বা দ্বারপ্রান্তে থাকে, তখনই শুরু হয় ষড়যন্ত্র। কুমিল্লা বিভাগ ঘোষণা এখন আর কোনো দাবি নয়, এটা কুমিল্লাবাসীর অধিকার। তাই অবিলম্বে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করতে হবে।

নেতৃবৃন্দ বলেন, জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশেও কুমিল্লা বিভাগ ঘোষণা ও বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে। বিভাগ বাস্তবায়নে সরকারের কোষাগার থেকে একটি পয়সাও খরচ করতে হবে না। সুতরাং এ বিষয়ে আর কোনো বিলম্বের কারণ দেখছি না। 

আগামী ২৪ নভেম্বরের কর্মসূচি বাস্তবায়নের জন্য ঢাকায় বসবাসরত কুমিল্লার সব সাংবাদিকদের প্রতি আহবান জানানো হয়।

আলোচনায় আরও অংশগ্রহণ করেন- সংগঠনের সহ-সভাপতি এম. এস. দোহা, সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, এটিএন বাংলার চিফ রিপোর্টার মঈনুল আহসান, অর্থ সম্পাদক নিজাম উদ্দিন দরবেশ, সাবেক অর্থ সম্পাদক সায়ীদ আবদুল মালিক, সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল ইসলাম, ক্রীড়া-সাংস্কৃতিক সম্পাদক আবু সুফিয়ান রতন, সাবেক সমাজকল্যাণ সম্পাদক নার্গিস জুঁই, তথ্য-প্রযুক্তি সম্পাদক আহমেদ আজম, শিক্ষা-প্রশিক্ষণ সম্পাদক ফারজানা আফরিন, ইভেন্ট-আপ্যায়ন সম্পাদক কাজী দ্বীন মোহাম্মদ বেলাল এবং নির্বাহী সদস্য মোহাম্মদ মাসুদ।