মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ও সংরক্ষণের অভাবে কমছেনা পেঁয়াজের দাম

Onion price
আবুল কালাম আজাদ ২২ নভেম্বর ২০২৫ ০৩:৩০ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
আবুল কালাম আজাদ ২২ নভেম্বর ২০২৫ ০৩:৩০ অপরাহ্ন
মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ও সংরক্ষণের অভাবে  কমছেনা পেঁয়াজের দাম
পেঁয়াজের দাম কমছে না, সারা দেশের ন্যায় রাজশাহীতে প্রায় তিন সপ্তাহ ধরে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী রয়েছে।

পেঁয়াজের দাম কমছে না, সারা দেশের ন্যায় রাজশাহীতে প্রায় তিন সপ্তাহ ধরে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। রান্নাঘরের অতীব জরুরি পণ্যটির দাম এই সময়ের মধ্যে এক পর্যায়ে প্রতিকেজি ১৪০ টাকা পর্যন্ত উঠে যায়। তবে ২০ নভেম্বর থেকে দাম কিছুটা কমে ১০০ থেকে ১২০ টাকার মধ্যে অবস্থান নেয়। এই দাম এখনো স্থির রয়েছে।তবে, মাত্র তিন সপ্তাহ আগেও প্রতিকেজি পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকায় পাওয়া যেত। 

শনিবার (২২ নভেম্বর) সকালে রাজশাহীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাজারে তিন ধরনের পেঁয়াজ বিক্রি হচ্ছে। ছোট সাইজের প্রতিকেজি পেঁয়াজ ১০০ টাকা, মাঝারি সাইজ ১১০ টাকা এবং এবং বড় সাইজের পেঁয়াজ ১২০ টাকায় বিক্রি হচ্ছে। তবে, বাজারে পাতাযুক্ত নতুন পেঁয়াজ দেখা গেছে। এই পেঁয়াজ প্রতিকেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা দামে।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহীর পাইকারি আড়তগুলোতে পেঁয়াজের দাম কেজিপ্রতি ৫-১০ টাকা কমলেও খুচরা বাজারে তার প্রভাব নেই৷ পাইকারি আড়তগুলোতে প্রতিকেজি পেঁয়াজ ৯০ থেকে ১০৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগেও যা ৯৫ থেকে ১১০ টাকায় বিক্রি হয়েছে।

কেন পেঁয়াজের দাম ঊর্ধ্বমূখী:-

পেঁয়াজের মূল্যবৃদ্ধির বেশ কিছু কারণ দৃশ্যমান। প্রথমত, উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত প্রতিটি ধাপে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। দ্বিতীয়ত, পেঁয়াজ সংরক্ষণের অভাব। তৃতীয়ত, মৌসুমের শেষ পর্যায় এবং চতুর্থত, বৃষ্টিতে পেঁয়াজের ক্ষতি হওয়া। সাধারণত, প্রতিবছরে নির্দিষ্ট কোনো একটা সময়ে এই কারণগুলোর জন্য পেঁয়াজের দাম ঊর্ধ্বমূখী দেখা যায়। এ বছর এর সঙ্গে যুক্ত হয়েছে আমদানি বন্ধ থাকা।

বিশ্লেষকরা বলছেন, প্রতিবছর মৌসুম শেষের দিকে এসে পেঁয়াজের দামে বড় উল্লোফন দেখা যায়। বিশেষ করে অক্টোবর-ডিসেম্বরে বাজারে পেঁয়াজের সংকট দেখা যায়। নতুন পেঁয়াজ পুরোপুরি বাজারে না আসা পর্যন্ত অস্থিরতা চলমান থাকে। এই সংকট ব্যবসায়ীরাই কৃত্রিমভাবে তৈরি করেন অনেক ক্ষেত্রে। সরকারের উচিত বছরের শেষ সময়কে টার্গেট করে স্থায়ী একটা সমাধান খোঁজা।

সরকারের পক্ষ থেকে যা বলা হচ্ছে:-

বাণিজ্য মন্ত্রণালয়ের পর্যবেক্ষণে উঠে এসেছে, পেঁয়াজের সাম্প্রতিক দরবৃদ্ধির পেছনে কারসাজি রয়েছে। দেশে কৃষিপণ্যটির সরবরাহে কোনো ঘাটতি নেই। তবে প্রতিবেশী ভারতে পেঁয়াজের দাম কম থাকায় সীমান্তের স্থলবন্দরগুলোর ওপারে কাছাকাছি প্রচুর ভারতীয় পেঁয়াজ জমা করা হয়েছে। এই পেঁয়াজ আমদানি করে মোটা মুনাফা বাগাতে একটি পক্ষ কৃত্রিমভাবে দাম বাড়াচ্ছে।