বিদেশি কোম্পানিকে গ্যাসফিল্ড না দেওয়ার দাবি

Demand not to give gas fields
অনলাইন ডেস্ক ০৮ ডিসেম্বর ২০২৫ ০৬:২৯ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ০৮ ডিসেম্বর ২০২৫ ০৬:২৯ অপরাহ্ন
বিদেশি কোম্পানিকে গ্যাসফিল্ড না দেওয়ার দাবি
সংগৃহীত ছবি

গ্যাসফিল্ড বিদেশি কোম্পানিকে দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ। পাশাপাশি গ্যাসফিল্ড বিদেশি কোম্পানিকে না দেওয়ার দাবিও জানান তারা।

সোমবার (৮ ডিসেম্বর) কারওয়ানবাজারে পেট্রোবাংলার সামনে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আয়োজনে গ্যাসফিল্ড বিদেশি কোম্পানিকে দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে পেট্রোবাংলার চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় বক্তারা বলেন, রশিদপুর, ছাতক ও সুনেত্রসহ কয়েকটি গ্যাসফিল্ড বিদেশি কোম্পানিকে দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে আজ আমরা মানববন্ধন কর্মসূচি পালন করছি। অবিলম্বে দেশ বিরোধী চুক্তির প্রক্রিয়া বন্ধ করতে হবে, নয়তো আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

আয়োজকরা জানান, মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান নিয়ে কিছুটা উত্তেজনা দেখা দেয়। বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের নেতারা মানববন্ধন শেষে পেট্রোবাংলার চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করতে গেলে পেট্রোবাংলার মূল ফটক প্রায় ৪০ মিনিট বন্ধ করে রাখেন পেট্রোবাংলা কর্তৃপক্ষ। 

পরে রুহিন হোসেন প্রিন্সের নেতৃত্বে একটি প্রতিনিধিদল পেট্রোবাংলার পরিচালক প্রশাসনের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। এ সময় মূল ফটক বন্ধ রাখার ব্যাখ্যা জানতে চাওয়া হয়। এছাড়া দাবির বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হলো তাও জানতে চাওয়া হয়।