তারেক রহমানকে ‘কটূক্তি’ করা সেই শিক্ষকের জামিন

Teacher who 'insulted' Tarique Rahman gets bail
অনলাইন ডেস্ক ২৮ ডিসেম্বর ২০২৫ ০৪:৫০ অপরাহ্ন আইন-আদালত
অনলাইন ডেস্ক ২৮ ডিসেম্বর ২০২৫ ০৪:৫০ অপরাহ্ন
তারেক রহমানকে ‘কটূক্তি’ করা সেই শিক্ষকের জামিন
....সংগৃহীত ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার হওয়া গাবতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উপাধ্যক্ষ এ কে এম শহিদুল ইসলামকে জামিন দিয়েছে আদালত।

রোববার (২৮ ডিসেম্বর) শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম জুয়েল রানা।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বলেন, শহিদুল ইসলামের পক্ষে তার আইনজীবী আদালতে জামিন চেয়ে আবেদন করেন। আদালত তাকে জামিন দেন। তার অব্যাহতির বিষয়ে আগামী ১২ জানুয়ারি শুনানি হবে বলে জানান তিনি।

শনিবার (২৭ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান বিএনপি নেতা তারেক রহমান। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ওই সময় শিক্ষক শহিদুল ইসলাম দূর থেকে তারেক রহমানকে লক্ষ্য করে চাঁদাবাজ ও সন্ত্রাসী বলে চিৎকার করছিলেন। বিষয়টি উপস্থিত বিএনপি নেতাকর্মীদের নজরে এলে তারা তাকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। পরবর্তীতে পুলিশ তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছিল।

এদিকে শহিদুল ইসলামের ‘নিঃশর্ত মুক্তির’ দাবি জানিয়ে শনিবার রাতে বিবৃতি দেয় বিএনপি। এতে বলা হয়, “বিএনপি মনে করে, একটি গণতান্ত্রিক দেশে যেকোনো ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। আর এজন্য বিএনপি গণতন্ত্র, তথা মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতার জন্য সংগ্রাম করে আসছে। বিএনপি এটাও বিশ্বাস করে যে, মত প্রকাশের স্বাধীনতা একটা মৌলিক মানবাধিকার ও নাগরিক অধিকার, যা ব্যক্তিকে নির্ভয়ে নিজের চিন্তা, মতামত ও বিশ্বাস প্রকাশ করার স্বাধীনতা দেয়।”