সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ : নাগরিক ভাবনা

Fair elections and democratic transition: Citizens' thoughts
বিজয়বাংলা বিশেষ প্রতিবেদক ২৯ ডিসেম্বর ২০২৫ ০৯:৩৩ অপরাহ্ন বিশেষ সংবাদ
বিজয়বাংলা বিশেষ প্রতিবেদক ২৯ ডিসেম্বর ২০২৫ ০৯:৩৩ অপরাহ্ন
সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ :  নাগরিক ভাবনা
মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠাসহ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে।

মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠাসহ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে। কিন্তু স্বাধীনতা প্রাপ্তির সুবর্ণজয়ন্তী অতিক্রান্ত হলেও সেই স্বপ্ন আজও পূরণ হয়নি। বরং চরম বৈষম্যমূলক একটি অগণতান্ত্রিক-কর্তৃত্ববাদী শাসন আমাদের ওপর চেপে বসেছিল। সেই অসহনীয় অবস্থা থেকে মুক্তি পেতে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে এক অভূতপূর্ব গণঅভ্যুত্থান সংঘটিত হয় এবং কর্তৃত্ববাদী আওয়ামী শাসনের অবসান ঘটে। গণঅভ্যুত্থানের পর মানুষের মধ্যে এই আশাবাদ সৃষ্টি হয়েছে যে, আর যেন কর্তৃত্ববাদী শাসনের উদ্ভব না হয়, নির্বাচন ব্যবস্থা যেন পরিশুদ্ধ হয়, গণতন্ত্র যেন প্রাতিষ্ঠানিক রূপ পায় এবং সর্বোপরি সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারভিত্তিক একটি বৈষম্যহীন সমাজ গড়ার মধ্য দিয়ে রাষ্ট্রে যাতে সুশাসন প্রতিষ্ঠা হয় ৷

সুষ্ঠ নির্বাচন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭ অনুচ্ছেদ অনুযায়ী, “প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ”। কিন্তু মালিকরা সরাসরি দেশ পরিচালনা প্রক্রিয়ায় অংশ নেয় না, তাঁরা শাসন প্রক্রিয়ায় অংশ নেয় পরোক্ষভাবে, তাঁদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে। জনপ্রতিনিধি বাছাইয়ের পদ্ধতিই হচ্ছে নির্বাচন। এই পদ্ধতি যদি সঠিক হয়, তবে মালিকরা পরোক্ষভাবে রাষ্ট্র পরিচালনা করছে, একথা বলা যায়। আর বাছাই প্রক্রিয়া বা নির্বাচন সঠিক না হলে তা বলা যায় না। তাই একথা বলার অপেক্ষা রাখে না যে, প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক ব্যবস্থায় সুষ্ঠ  নির্বাচনের কোনো বিকল্প নেই।

সুষ্ঠ নির্বাচন নিশ্চিত করতে আন্তর্জাতিকভাবেও আমরা অঙ্গীকারাবদ্ধ। কারণ আমরা ‘সর্বজনীন মানবাধিকার ঘোষণা ও International Covenant on Civil and Political Rights-এ স্বাক্ষরদাতা। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের জন্য একটি মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করতে হলে আমাদেরকে এসব আন্তর্জাতিক আইন এবং চুক্তিও মেনে চলতে হয় ।

আন্তর্জাতিক আইন ও চুক্তি অনুযায়ী সুষ্ঠ নির্বাচনের কতগুলো মানদণ্ড রয়েছে। মানদণ্ডগুলো হলো:

* ভোটার হওয়ার উপযুক্ত সকল ব্যক্তির ভোটার হওয়া;

* প্রার্থী হতে আগ্রহী ব্যক্তিদের প্রার্থী হতে পারা;

* ভোটারদের সামনে পর্যাপ্ত বিশ্বাসযোগ্য বিকল্প প্রার্থী থাকা;

* নির্বিঘ্নে ও স্বাধীনভাবে ভোট দিতে পারা;

* ভোট গণনা ও ফলাফল ঘোষণা প্রক্রিয়া স্বচ্ছ ও যথাযথ থাকা এবং

* পুরো নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ, কারসাজিমুক্ত ও বিশ্বাসযোগ্য থাকা ।

বাংলাদেশে অতীতে, বিশেষত বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে এই শর্তগুলো পূরণ হয়নি । ফলে ভোটাররা ভোটাধিকার বঞ্চিত হয়েছিল এবং আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাও ভেঙে পড়েছিল। কিন্তু আমাদের গণতান্ত্রিক উত্তরণের জন্য সুষ্ঠ নির্বাচনের কোনো বিকল্প নেই । কেননা নির্বাচন গণতন্ত্রের প্রাথমিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ।

এ সকল নির্বাচন  সুষ্ঠ ভাবে অনুষ্ঠিত না হওয়ার আরেকটি বড় কারণ দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা । ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে, অতীতে যতবারই দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, ততবারই সদ্যবিদায়ী ক্ষমতাসীনরা পরাজিত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করায় নির্বাচনকালীন দলীয় সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করেনি, ফলে নির্বাচনগুলো  সুষ্ঠ হয়নি।

গণতান্ত্রিক উত্তরণ

বাংলাদেশ বর্তমানে একটি যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। বাংলাদেশকে একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার একটি অভূতপূর্ব সম্ভাবনা সৃষ্টি করেছে ২০২৪-এর গণঅভুত্থান। গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শর্ত হলেও শুধুমাত্র নির্বাচন গণতান্ত্রিক উত্তরণের নিশ্চয়তা দেয় না ।

রাষ্ট্রে গণতন্ত্র বা সুশাসন প্রতিষ্ঠা করতে হলে রাষ্ট্রীয় কাঠামো এবং রাজনৈতিক সংস্কৃতির ব্যাপক পরিবর্তন প্রয়োজন । এক্ষেত্রে সরকার ও রাজনৈতিক দল উভয়ের ভূমিকা অপরিহার্য । রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র চর্চা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে স্বাধীন ও শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণের যাত্রা শুরু হতে পারে । এজন্য প্রয়োজন রাষ্ট্রের নীতিগত ও কাঠামোগত সংস্কার এবং নাগরিকদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ ও সংস্কৃতির বিস্তার।

করণীয়

সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠান এবং গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে জাতিগতভাবে আমাদের কিছু করণীয় রয়েছে। করণীয়সমূহ নিচে তুলে ধরা হলো-

১। সুষ্ঠ নির্বাচনের মানদণ্ড অনুসরণ ও অংশীজনদের যথাযথ ভূমিকা পালন

সুষ্ঠ নির্বাচনের জন্য উল্লেখিত মানদণ্ড অনুসারে কাজ করতে হবে এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট অংশীজনদের স্ব স্ব অবস্থানে থেকে যথাযথ ভূমিকায় অবতীর্ণ হয়ে দায়িত্ব পালন করতে হবে। সরকারকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে এবং সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে পূর্ণ সহযোগিতা প্রদান করতে হবে। নির্বাচন কমিশনকে আইনি ভিত্তির উপর দাঁড়িয়ে, সততা ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। রাজনৈতিক দল ও প্রার্থীদেরকে মরিয়া হয়ে জয়ের প্রচেষ্টা বাদ দিয়ে নির্বাচকে প্রতিযোগিতা হিসেবে গ্রহণ করতে হবে এবং নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। এজন্য প্রয়োজন একটি স্বাধীন, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন কমিশন গঠন। সুষ্ঠ নির্বাচন নিশ্চিত করাসহ রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ার অংশ হিসেবে দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করতে হবে ।

২। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা

প্রধানমন্ত্রীর হাতে সকল ক্ষমতা কেন্দ্রীভূত রাখার কর্তৃত্ববাদী ধারার অবসান ঘটিয়ে রাষ্ট্রের তিনটি প্রধান অঙ্গ—আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক সম্পর্ক নিশ্চিত করতে হবে। এজন্য ক্ষমতার বিভাজন করতে হবে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতার চর্চা চালু করতে হবে। প্রধানমন্ত্রীর হাতে যেন সকল ক্ষমতা কেন্দ্রীভূত না হয় সেজন্য আইনি বিধান সৃষ্টি করতে হবে এবং প্রকৃত অর্থেই মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা চালু করতে হবে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করে অর্থবিল ও অনাস্থা প্রস্তাব ছাড়া অন্য যে কোনো বিষয়ে সংসদ সদস্যগণ যেন নিজ দলের সমালোচনা করতে বা বিপক্ষে ভোট দিতে পারেন, এমন বিধান প্রবর্তন করতে হবে। গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটির – যেমন, সরকারি হিসাব সম্পর্কিত কমিটি, সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি, পাবলিক এস্টিমেট কমিটি, সংসদ ও সংসদ সদস্যদের বিশেষ অধিকার সম্পর্কিত কমিটি ইত্যাদির – সভাপতির পদ বিরোধী দলকে দিতে হবে। ক্ষমতাসীন দল খুব সহজেই যেন সংখ্যাগরিষ্ঠতার জোরে আইন পাস ও সংবিধান সংশোধন করতে না পারে, সেজন্য দ্বিকক্ষবিশিষ্ট আইন সভার বিধান করা এবং আনুপাতিক পদ্ধতিতে উচ্চকক্ষের সদস্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে। উচ্চকক্ষ ও নিম্নকক্ষের ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নির্বাচিত করার বিধান করতে হবে। আইনি সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে স্বাধীন ও শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীকরণমুক্ত করতে হবে । বিচার বিভাগ ও নির্বাচন কমিশনসহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে স্বাধীন ও শক্তিশালী করতে হবে। দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন ও তথ্য কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। একটি স্থায়ী স্থানীয় সরকার কমিশন গঠন করতে হবে এবং প্রতিষ্ঠানটিকে সাংবিধান প্রতিষ্ঠানে পরিণত করতে হবে ।

৩। রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন

কর্তৃত্ববাদী শাসনের অবসানসহ একটি গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে রাজনৈতিক দলের সংস্কৃতিতে আমূল পরিবর্তন আনতে হবে। রাজনৈতিক দলের সকল স্তরের নেতৃত্ব দলের সদস্যদের গোপন ভোটে নির্বাচিত করা; চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিগ্রস্ত ও সাজাপ্রাপ্ত ব্যক্তিদের দলের সদস্য হওয়ার অযোগ্য ঘোষণা করা; দলের সকল আর্থিক লেনদেন ব্যাংকিং চ্যানেল বা ইলেকট্রনিক পদ্ধতিতে পরিচালনা করা; দলের আয়-ব্যয়ের অডিটেড হিসাব প্রকাশ করা ও নির্বাচন কমিশনে জমা দেওয়ার বিধান করতে হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থী মনোনয়নে প্রত্যেক সংসদীয় এলাকায় প্রতিটি রাজনৈতিক দলের সদস্যদের গোপন ভোটে সর্বোচ্চ ভোটপ্রাপ্তদের নিয়ে তিন সদস্যবিশিষ্ট প্রার্থী প্যানেল তৈরি হবে এবং দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড কর্তৃক বাধ্যতামূলকভাবে উক্ত প্যানেল থেকে মনোনয়ন প্রদানের বিধান করতে হবে।

৪। জনগণের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ ও সংস্কৃতির বিস্তার

একটি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো তার নাগরিক সমাজ। নাগরিকদের সংখ্যাগরিষ্ঠের চরিত্রের ওপর রাষ্ট্রের চরিত্র বহুলাংশে নির্ভর করে। আইন, নীতি, প্রতিষ্ঠান বা কাঠামোর সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে হলে প্রয়োজন গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ। নাগরিক সমাজের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধের মৌলিক বিষয়গুলো গভীরভাবে প্রোথিত করা সম্ভব না হলে গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়া বিলম্বিত এবং ভঙ্গুর হবে। সচেতন এবং দায়িত্বশীল নাগরিকদের তাই এক্ষেত্রে দায়িত্ব নিতে হবে।

 তথ্য সূত্র  :  সুজন-সুশাসনরে জন্য নাগরিক