অনির্দিষ্টকালের জন্য কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন স্থগিত

Cox's Bazar District Sports Association
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ০৬:৫৪ পূর্বাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ০৬:৫৪ পূর্বাহ্ন
অনির্দিষ্টকালের জন্য কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন স্থগিত
__প্রতীকী ছবি

অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন। গতকাল বিকাল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে দীর্ঘ শুনানি শেষে এই আদেশ দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার পাশা।

আদেশে বলা হয়, জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের ভুল তফশিল, খসড়া ভোটার তালিকা প্রকাশ না করা, আপত্তি ও শুনানির তারিখ না রাখাসহ বিভিন্ন অভিযোগ করা হয়। তাছাড়া সরবরাহকৃত ভোটার তালিকায় অনেক ক্লাব ও প্রতিনিধির নাম নাই বলে অভিযোগ উঠে। এ বিষয়ে উচ্চ আদালতে পৃথক ৩টি মামলার প্রক্রিয়াধীন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অভিযোগের প্রেক্ষিতে এই শুনানি করা হয়। শুনানিতে অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে।

শুনানিতে বাদীর পক্ষের অংশ নেন কক্সবাজার ল চেম্বারের সিনিয়র আইনজীবী মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী, আইনজীবী খালেদ আনোয়ার ও আইনজীবী শহিদুল ইসলাম। এছাড়া বিবাদির পক্ষেও কয়েকজন আইনজীবী অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া অফিসার, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, কক্সবাজার জেলা ক্রীড়া অফিসার, অভিযোগকারী ন্যাশনাল কক্স ক্রীড়া সংস্থার সভাপতি করিম, বাঁশকাটা খেলোয়াড় সমিতির সহসভাপতি আমির হোসাইন ও প্রত্যেক ক্লাবের প্রতিনিধিবৃন্দ।

এডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী জানান, জেলা ক্রীড়া সংস্থা নির্বাচনে ভোটার তালিকার বিরুদ্ধে আপিল করেন বাঁশকাটা খেলোয়াড় সমিতি এবং ন্যাশনাল কক্স ক্রীড়া সংস্থা। দায়েরি আপিল মামলাদ্বয় অনলাইন শুনানি হয়। আপিলের যৌক্তিকতা বিবেচনায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই শুনানি চলে।