সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসবে ইইউর ২০০ প্রতিনিধি

200 EU representatives will come to observe
বিজয় বাংলা ০৮ জানুয়ারি ২০২৬ ০৬:৪৭ অপরাহ্ন জাতীয়
বিজয় বাংলা ০৮ জানুয়ারি ২০২৬ ০৬:৪৭ অপরাহ্ন
সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসবে ইইউর ২০০ প্রতিনিধি
সংগৃহীত ছবি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে অন্তত ২০০ জন পর্যবেক্ষক অংশ নেবেন বলে জানিয়েছেন ইইউ নির্বাচনী পর্যবেক্ষণ মিশনের প্রধান ড. ইভার্স ইয়াবস।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে এক বৈঠকে শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। প্রতিনিধি দলে ছিলেন, মিসিন্তা লাসে, মিস আইরিনি-মারিয়া গুনারি ও ভাসিল ভামচানকা।

নির্বাচনী পর্যবেক্ষণ মিশনের প্রধান বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনের আমন্ত্রণে আমরা এখানে এসেছি। আমাদের উদ্দেশ্য অত্যন্ত স্বচ্ছ। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে নই। বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার।

তিনি আরও বলেন, ইইউর একটি দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক দল গত ডিসেম্বরের শেষভাগ থেকেই বাংলাদেশে অবস্থান করছে। তবে মূল নির্বাচনের সময় অর্থাৎ ১২ ফেব্রুয়ারি নাগাদ ইউরোপীয় পার্লামেন্টের সদস্যসহ মোট ২০০ জনের একটি শক্তিশালী পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে।

নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি জানান, একই দিনে সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠান পরিচালনা করা নির্বাচন কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তবে কমিশন অত্যন্ত দক্ষতার সঙ্গে তা মোকাবিলা করবে।

তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের আগস্টের পরিবর্তনের পর এবারের নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত ঐতিহাসিক। একটি পূর্ণাঙ্গ সংসদ নির্বাচন হওয়ার মাধ্যমে দেশটির ভবিষ্যৎ নির্ধারিত হবে। নির্বাচন কমিশনও বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে।

ইইউ মিশন প্রধান জানান, তাদের পর্যবেক্ষণের মূল কেন্দ্রে থাকবে ভোটার নিবন্ধন প্রক্রিয়া, অবাধ ও সুষ্ঠু ব্যালট পরিচালনা এবং পুরো নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা। তারা কেবল ঢাকা নয়, বরং দেশের প্রত্যন্ত অঞ্চলেও পর্যবেক্ষণ চালাবেন।

নির্বাচনী পর্যবেক্ষণ মিশনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানাতে আগামী রোববার (১১ জানুয়ারি) দুপুর ১টায় রাজধানীর রেনেসাঁ হোটেলে একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে মিশনের কর্মপরিকল্পনা ও প্রাথমিক পর্যবেক্ষণ তুলে ধরা হবে। বাংলাদেশ একটি প্রাণবন্ত গণতন্ত্র এবং বৈচিত্র্যময় দেশ। এই গণতান্ত্রিক প্রক্রিয়ার সাক্ষী হতে তারা মুখিয়ে রয়েছে বলেও জানান তিনি।