জন্মদিন উদযাপন শেষে ছাত্রলীগ নেত্রীর আত্মহত্যা

Chhatra League leader's suicide
অনলাইন ডেস্ক: ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৩৪ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক: ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৩৪ পূর্বাহ্ন
জন্মদিন উদযাপন শেষে ছাত্রলীগ নেত্রীর আত্মহত্যা
শেখ সুমাইয়া সুমু ---- সংগৃহীত।

শরীয়তপুরের নড়িয়ায় জন্মদিন উদযাপন করে বাসায় ফিরে শেখ সুমাইয়া সুমু (২০) নামে এক ছাত্রলীগ নেত্রী আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকালে নড়িয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বৈশাখীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে সুমাইয়ার মরদেহটি উদ্ধার করা হয়। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

শেখ সুমাইয়া সুমু নড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নড়িয়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের আবু বকর শেখের মেয়ে।

জানা গেছে, গতকাল বুধবার ছিল শেখ সুমাইয়ার জন্মদিন। বন্ধুদের সঙ্গে জন্মদিন উদযাপন শেষে রাতে বাসায় ফিরে নিজ রুমের দরজায় ছিটকিনি লাগিয়ে শুয়ে পড়েন তিনি। মধ্যরাত থেকে সুমাইয়ার মুঠোফোনে একাধিকবার কল আসা শুরু হয়। রিংটোনের শব্দে ঘুম ভেঙে যায় সুমাইয়ার পরিবারের সদস্যদের।

তারা দরজার বাইরে থেকে সুমাইয়াকে ডাকাডাকি করতে থাকেন। তবে রুমের ভেতর থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে একপর্যায়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় সুমাইয়ার মরদেহ ঝুলে থাকতে দেখেন তারা। বিষয়টি থানায় জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় কাউন্সিলর আবু জাফর শেখ বলেন, ‘সুমাইয়া সম্পর্কে আমার ভাতিজি হয়। ওদের বাসা থেকে ফোন পেয়ে রাতে দ্রুত আমি ছুটে যাই। রুমের দরজা ভেতর থেকে আটকানো দেখে সবাই মিলে ভেঙে ফেলি। পরে ওকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। প্রেমঘটিত কারণে সে আত্মহত্যা করে থাকতে পারে।’

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে।’

(বিবিএন/৮ ফেব্রুয়ারি/এসডি)