নিখোঁজের তিনদিন পর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

The body was recovered
অনলাইন ডেস্ক ২৫ জানুয়ারি ২০২৬ ১২:৫৬ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ২৫ জানুয়ারি ২০২৬ ১২:৫৬ অপরাহ্ন
নিখোঁজের তিনদিন পর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

মাদারীপুরের শিবচরে নিখোঁজের তিনদিন পর মোহাম্মদ শহীদুল ইসলাম নামে এক কৃষিবিদের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সূর্যনগর বাজার এলাকার হাইওয়ে এক্সপ্রেসওয়ের আন্ডারপাস থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত কৃষিবিদ মোহাম্মদ শহীদুল ইসলাম আন্তর্জাতিক গম ও ভূট্টা গবেষণা কেন্দ্রের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি পটুয়াখালী জেলার মহিপুর ইউনিয়নের সেরাজপুর গ্রামের মতিউর রহমানের ছেলে।

জানা যায়, উপজেলার সূর্যনগর বাজার এলাকার হাইওয়ে এক্সপ্রেসওয়ের আন্ডারপাসে শুক্রবার সন্ধ্যায় হাত-পা বাধা যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

জানা গেছে, গত ২১ জানুয়ারি সকাল ১১টার দিকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ঢাকা গুলশান ব্রাঞ্চে পে অর্ডার জমা দেওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন শহিদুল ইসলাম। তার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় ওইদিনই তার শ্বশুর আবু সালেহ উদ্দিন আহম্মেদ ডিএমপির গুলশান থাকায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তদন্ত সাপেক্ষে এ হত্যার বিচার দাবি করেছেন নিহতের স্বজনরা।

নিহতের শ্বশুর আবু সালেহ উদ্দিন আহম্মেদ জানান, তিনদিন আগে নিখোঁজ হওয়া ও মোবাইল ফোন বন্ধ থাকায় জিডি করেন তিনি। হাত-পা বাঁধা মরদেহ পাওয়ার খবর পেয়ে দিশেহারা পরিবারের সবাই। যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তদন্ত সাপেক্ষে তাদের বিচারের দাবি জানান তিনি।

শিবচর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখবে পুলিশ।