হোয়াটসঅ্যাপে বিরক্তিকর অপরিচিত নম্বর ব্লক না করেই এড়াবেন যেভাবে

WhatsApp
অনলাইন ডেস্ক ২৭ জানুয়ারি ২০২৬ ০৪:২২ অপরাহ্ন তথ্যপ্রযুক্তি
অনলাইন ডেস্ক ২৭ জানুয়ারি ২০২৬ ০৪:২২ অপরাহ্ন
হোয়াটসঅ্যাপে বিরক্তিকর অপরিচিত নম্বর ব্লক না করেই এড়াবেন যেভাবে
সংগৃহীত ছবি

আজকের দিনে হোয়াটসঅ্যাপ শুধু মেসেজ পাঠানোর অ্যাপ নয়, বরং অডিও-ভিডিও কলের অন্যতম জনপ্রিয় মাধ্যম। কাজের কথা হোক বা ব্যক্তিগত যোগাযোগ অনেকেই এখন সরাসরি হোয়াটসঅ্যাপ কলেই ভরসা রাখছেন। কিন্তু এই সুবিধার সঙ্গে এসেছে এক নতুন সমস্যা। আপনার ফোন নম্বর থাকলেই, যদি সেই নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ থাকে, তাহলে যে কেউ খুব সহজেই কল করতে পারে।

ফলে অচেনা নম্বর থেকে হঠাৎ হোয়াটসঅ্যাপ কল আসা এখন অস্বাভাবিক কিছু নয়। বর্তমান সময়ে সাইবার প্রতারণার বাড়বাড়ন্তে এই ধরনের কল অনেকের কাছেই অস্বস্তিকর এবং চিন্তার কারণ হয়ে উঠছে। তবে হোয়াটসঅ্যাপের প্রাইভেসি সেটিংসে সামান্য পরিবর্তন করলেই এই ঝামেলা অনেকটাই এড়ানো সম্ভব।

ডিজিটাল যুগে একটু সচেতন থাকলেই অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়ানো যায়। হোয়াটসঅ্যাপের এই ছোট সেটিংস বদল আপনার দৈনন্দিন ব্যবহারকে অনেকটাই স্বস্তিদায়ক করে তুলতে পারে। আসুন জেনে নেওয়া যাক সেটিংসে পরিবর্তন করলে কী সুবিধা পাবেন?

১. অচেনা নম্বর থেকে হোয়াটসঅ্যাপ কল আসা বন্ধ হবে, ফলে অপ্রয়োজনীয় বিরক্তি কমবে

২. স্প্যাম কল ও প্রতারকদের ফোন অনেকটাই ঠেকানো যাবে

৩. কল হিস্ট্রিতে নম্বর দেখা যাবে, প্রয়োজন হলে পরে খোঁজ নেওয়া সম্ভব

৪. শুধু পরিচিত কনট্যাক্টদের কল আসবে, যা নিরাপত্তার দিক থেকেও স্বস্তিদায়ক

অ্যান্ড্রয়েড ফোনে কীভাবে করবেন?

১. প্রথমে ফোনে হোয়াটসঅ্যাপ খুলুন

২. উপরে ডান দিকে থাকা তিনটি ডট-এ ট্যাপ করুন

৩. সেটিংস অপশনে যান

৪. এরপর প্রাইভেসি সিলেক্ট করুন

৫. সেখানে কলস অপশনে ঢুকে সাইলেন্স আননোন কলারস চালু করুন

আইফোনে কীভাবে সেটিংস বদলাবেন?

১. ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ চালু করুন

২. নিচের ডান দিকে থাকা সেটিংস অপশনে যান

৩. প্রাইভেসি নির্বাচন করুন

৪. এরপর কলস অপশনে ঢুকুন

৫. সেখানে গিয়ে সাইলেন্স আননোন কলারস সুইচ অন করুন

তবে মনে রাখবেন, এই ফিচার চালু থাকলে অচেনা কেউ কল করলে ফোনে রিং হবে না এবং কোনও নোটিফিকেশনও পাবেন না। তবে সেই কলটি কল লগে থেকে যাবে। যদি আপনি পরে সেই অপরিচিত নম্বরে কল বা মেসেজ করেন, তাহলে ভবিষ্যতে সেই নম্বর আর সাইলেন্স থাকবে না। একেবারে যোগাযোগ বন্ধ রাখতে চাইলে সংশ্লিষ্ট নম্বরটিকে ব্লক অপশন ব্যবহার করে ব্লক করাই সবচেয়ে নিরাপদ উপায়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া