রাজশাহীতে মাদক সেবনে একদিনে ৪ জনের মৃত্যু

4 people died
রাজশাহী ব্যুরো :- ৩০ জানুয়ারি ২০২৬ ০৮:২৭ অপরাহ্ন সারা বাংলা
রাজশাহী ব্যুরো :- ৩০ জানুয়ারি ২০২৬ ০৮:২৭ অপরাহ্ন
রাজশাহীতে মাদক সেবনে একদিনে ৪ জনের মৃত্যু
সংগৃহীত ছবি

রাজশাহীর মোহনপুর উপজেলার বিখ্যাত ধোপাঘাটা বাজার ও আশেপাশের এলাকাজুড়ে নেশা জাতীয় মাদকদ্রব্য অ্যালকোহল (কট) এর রাজ্য হিসেবে গড়ে উঠেছে। সম্প্রতি এই মাদকদ্রব্য সেবন করে একেরপর এক প্রাণহানির ঘটনা ঘটলেও থামছেনা মাদক বিক্রয় ও সেবন।

সম্প্রতি কয়েক মাসের ব্যবধানে উপজেলার ধোপাঘাটা বাজার ও এর আশেপাশের এলাকায় অন্তত ১১ জনের অধিক মাদকসেবীর মৃত্যুর ঘটানা ঘটায় স্থানীয় জনমনে উদ্বেগের সৃষ্টি হয়েছে।  বৃহস্প্রতিবার( ২৯ জানুয়ারি)  রাতে মাদক সেবনে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানাগেছে।  

মৃতরা হচ্ছেন,ধোপাঘাটা গ্রামের মুক্তার হোসেনের ছেলে বুলবুল হোসেন (২৬),  এ গ্রামের  পিন্টু (৫৫), মৌপাড়া গ্রামের মৃত নাজিবুর রহমানের ছেলে শাহিন আলম (৪৬) ও পার্শ্ববর্তী পবা উপজেলার মাধায়পাড়া গ্রামের হাবিবুর রহমান হবি। চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তারা মৃত্যুবরণ করেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে ধোপাঘাটা বাজার এলাকায় অতিরিক্ত মাদক সেবনে একসাথে চারজনের মৃত্যু ও পার্শ্ববর্তী বাগমারা উপজেলার কুমানিতলা গ্রামে ১ জনের মৃত্যুর ঘটনা ঘটে। এছাড়া বুধবার সকালে জাহানাবাদ ইউনিয়নের নোনাভিটা গ্রামের একটি পুকুরে লালু নামের মাদক সেবন করা এক ব্যক্তির লাশও পাওয়া যায়।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, ধোপাঘাটায় মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ গিয়েছিলো। শুক্রবার( ৩০ জানুয়ারি) সকালে মেডিকেল রিপোর্টে হার্ট ফেইলিউর এ মৃত্যুর কারণ হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে। তাই এই ঘটনায় থানায় কোন মামলা দায়ের হয়নি।

রাজশাহী জেলা অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আখতার জানান, এর আগেও ওই এলাকায় ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিলো। আবারো এক সাথে ৪ জনের মৃত্যু ভাবিয়ে তুলেছে।