রাবিতে ১৫ তম রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত

15th Chemistry Olympiad
রাজশাহী প্রতিনিধি:- ৩১ জানুয়ারি ২০২৬ ০৪:০৫ অপরাহ্ন সারা বাংলা
রাজশাহী প্রতিনিধি:- ৩১ জানুয়ারি ২০২৬ ০৪:০৫ অপরাহ্ন
রাবিতে ১৫ তম রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত
জশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির উদ্যোগে ১৫তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড-২০২৬

বরাবরের মতো এবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির উদ্যোগে ১৫তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড-২০২৬ এর রাজশাহী অঞ্চলের শিক্ষার্থীদের নিয়ে প্রিলিমিনারি রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় মডেল স্কুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ ও বাংলাদেশ রসায়ন সমিতির যৌথ আয়োজনে প্রিলিমিনারি রাউন্ডের উদ্বোধনীর মাধ্যমে অলিম্পিয়াডটি অনুষ্ঠিত হয়।

রাবির রসায়ন বিভাগের সার্বিক সহযোগিতায় রাজশাহী বিভাগের বিভিন্ন কলেজ ও ইনস্টিটিউটের এ লেভেল তথা এইচএসসিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশ নেয়।

অলিম্পিয়াডে অংশ নিয়ে রাজশাহী ক্যাডেট কলেজের শিক্ষার্থী মুমতাজুল ইসলাম সাব্বির বলেন, অনেক দিন পর একটা রসায়ন অলিম্পিয়াড হলো, অনেক ভালো লাগছে। আশা করছি, ভালো কিছু একটা অর্জন করে এখান থেকে যেতে পারবো। সীমিত সংখ্যক শিক্ষার্থী এখানে পরীক্ষা দিতে আসছে, আশা করি এটি ভবিষ্যতে দেশব্যাপী ছড়িয়ে যাবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ইয়ামিন রেজা বলেন, প্রতিবছরই এই রসায়ন অলিম্পিয়াড হয়। এটা ধারাবাহিকভাবে চলতে থাকে। সকল শিক্ষার্থীকে আমরা রসায়নের প্রতি আকর্ষণ বৃদ্ধির জন্য এই আয়োজন করে থাকি। আজকে যারা দূরদূরান্ত থেকে এসেছ, সাধুবাদ জানাই সকলকে। এই প্রোগ্রামে আমাকে যারা সহায়তা করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই।

উদ্বোধনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন বলেন, ভালো সম্পর্ক বুঝাতেও আমরা রসায়ন শব্দটি ব্যবহার করে থাকি। এই রসায়ন সম্পর্কের একটা দিকনির্দেশক হিসেবে দাঁড়িয়েছে। রসায়ন এমন একটি জিনিস যেটা খালি চোখে খুব বেশি একটা দেখা যায় না। এইটা আসলেই একটা বিস্ময়কর ব্যাপার। এর যে বই এগুলো দেখলে মনে হয় খুব উদ্ভট একটা বিষয়। আমাদের শিক্ষার্থীদেরকে এখানে আরও আগ্রহী করে তোলা উচিত। এ ধরনের উদ্যোগ আমাদের শিক্ষার্থীদেরকে আরও অনুপ্রাণিত করে তোলে।