রোহিত–কোহলি প্রসঙ্গে যা বললেন ধোনি

cricket
অনলাইন ডেস্ক ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৪ অপরাহ্ন খেলা
অনলাইন ডেস্ক ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৪ অপরাহ্ন
রোহিত–কোহলি প্রসঙ্গে যা বললেন ধোনি
সংগৃহীত ছবি

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে দেখা যাবে কি না, এই প্রশ্নে স্পষ্ট ও দৃঢ় অবস্থান জানালেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বয়স নয়, বরং পারফরম্যান্স ও ফিটনেসকেই একমাত্র মানদণ্ড হিসেবে দেখার পক্ষে মত দিয়েছেন তিনি।

একটি অনুষ্ঠানে ধারাভাষ্যকার ধোনির কাছে প্রশ্ন করেন, ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় ৫০ ওভারের বিশ্বকাপে রোহিত শর্মা ও বিরাট কোহলি খেলবেন কি না। প্রশ্নটি শুনে প্রথমে মজা করে না শোনার ভান করেন ধোনি।

এরপরই সরাসরি নিজের অবস্থান জানান।

ধোনি বলেন, ‘কেন নয়? প্রশ্ন হলো, কেন কেউ পরের বিশ্বকাপে খেলতে পারবে না? আমার কাছে বয়স কোনো মানদণ্ড নয়। পারফরম্যান্স ও ফিটনেসই আসল মানদণ্ড। কাউকে আলাদা করে কিছু বলে দেওয়ার দরকার নেই, কিন্তু বিষয়গুলো পরিষ্কার হওয়া দরকার, সবাইকে একইভাবে দেখা হবে।

নিজের ক্যারিয়ারের উদাহরণ টেনে সাবেক অধিনায়ক যোগ করেন,‘আমি যখন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করি, তখন আমার বয়স ছিল ২৪। তখন কেউ এসে আমাকে বয়স নিয়ে কিছু বলেনি। এখন কেউ এক বছর, দুই বছর বা দশ বছর খেলুক, বয়স নিয়ে এসে কিছু বলার দরকার নেই।’

ফিটনেস প্রসঙ্গে ধোনির বক্তব্য আরো পরিষ্কার, ‘বয়স কি কোনো বিষয়? না।

ফিটনেস কি বিষয়? হ্যাঁ। আপনি যদি ২২ বছর বয়সীও হন কিন্তু ফিট না থাকেন, তাহলে দলে থাকার কথা নয়। আন্তর্জাতিক ক্রিকেটে খেলার নির্দিষ্ট মানদণ্ড আছে।’

রোহিত-কোহলি ছাড়াও ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের ক্ষেত্রেও একই নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘কারো বয়স ৩০ পেরিয়েছে বলেই আমরা সিদ্ধান্ত নিতে পারি না যে সে পরের বিশ্বকাপে খেলবে কি না। সেটা তাদের সিদ্ধান্ত।

যদি তারা ভালো পারফর্ম করে এবং দেশের জন্য কিছু করার তাগিদ রাখে, তাহলে কেন নয়?’

বিশ্বকাপের মতো বড় মঞ্চে অভিজ্ঞতার গুরুত্ব নিয়েও কথা বলেন ধোনি। তার মতে, বহু বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলে এবং চাপের মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার মধ্য দিয়েই প্রকৃত অভিজ্ঞতা আসে। বিশেষ করে ডেথ ওভারে বোলিং করা বোলার কিংবা নিচের দিকের ব্যাটসম্যানদের জন্য এই অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।