আজ থেকে হজের ভিসা আবেদন শুরু হবে

Hajj visa application
অনলাইন ডেস্ক ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৫৮ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৫৮ অপরাহ্ন
আজ থেকে হজের ভিসা আবেদন শুরু হবে
সংগৃহীত ছবি

২০২৬ সালের হজ মৌসুমের জন্য রোববার থেকে হজ ভিসা আবেদন শুরু করার কথা জানিয়েছে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়।

হজ অনুবিভাগের উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া বিবিসিকে জানিয়েছেন, সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় চলতি বছরের হজ ভিসা ইস্যু সংক্রান্ত ঘোষণা অনুযায়ী, ভিসার আবেদন ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২০ মার্চ পর্যন্ত চলবে।

তিনি বলেন, আগে অনেকে শেষ সময়ে এসেও ভিসার আবেদন করতে পারতেন, কিন্তু এ বছর অনেক আগে থেকেই সব প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।

কারণ হিসেবে তিনি জানিয়েছেন, হজযাত্রীদের নিরাপত্তা এবং সার্বিক শৃঙ্খলা নিশ্চিত করতে সৌদি সরকার নুসুক কার্ড ইস্যু করে থাকে।

শেষ সময়ে ভিসা করায় গত বছর ওই কার্ড পেতে হজযাত্রীদের অনেক সমস্যা হয়েছিল। তাই এবারে তারা সময় নির্ধারণ করেছে যাতে হজযাত্রা আরও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

চলতি বছর যারা হজে যেতে আগ্রহী, তাদের ২০ মার্চের মধ্যে সৌদি আরবের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক মাসার’র মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে হবে।

এ সময়ের মধ্যে নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিসহ সব হজযাত্রীকে বাংলাদেশের যে কোনো সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা এবং নির্ধারিত টিকাকেন্দ্র থেকে টিকা গ্রহণ করে ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে।

এ ছাড়া ২০ মার্চের মধ্যে ভিসার আবেদন করার জন্য ধর্ম মন্ত্রণালয় বিশেষভাবে অনুরোধ করেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর ফিটনেস সনদ ছাড়া কোনো হজযাত্রী হজে যেতে পারবেন না।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল থেকে।