প্রশাসনকে সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ ভূমিমন্ত্রীর
প্রশাসনকে সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ ভূমিমন্ত্রীর,রাজশাহী বিভাগের বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সততা, দক্ষতা ও সাংবিধানিক দায়িত্ববোধ নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মিজানুর রহমান মিনু।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী সার্কিট হাউসের সম্মেলনকক্ষে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
ভূমিমন্ত্রী বলেন, ‘আমি রাজশাহীর মাটির সন্তান। আমরা একে অপরের সহকর্মী, কেউ কারও বস নই। আপনারা সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত—সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।’
আইন সবার জন্য সমান—এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমার সন্তানও যদি আইন লঙ্ঘন করে, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’
দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না জানিয়ে মন্ত্রী বলেন, সততা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। জনগণের সঙ্গে সম্মানজনক আচরণ ও সেবামুখী মনোভাব নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণ প্রশাসনের কাছে ন্যায়বিচার ও কার্যকর সেবা প্রত্যাশা করে।
আসন্ন রমজান মাসে জনদুর্ভোগ এড়াতে বিশেষ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন ভূমিমন্ত্রী। তিনি বলেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবা কার্যক্রমে সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কঠোর অবস্থান নেওয়ারও আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়নে প্রতিদিন আঠারো ঘণ্টা কাজ করছেন। তাঁদের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করা হবে। নির্বাচন-পরবর্তী সময়ে সরকারের প্রতিটি দপ্তর সাংবিধানিক কাঠামোর মধ্যেই পরিচালিত হবে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে বলেও উল্লেখ করেন তিনি।
উন্নয়ন কার্যক্রমে গতি আনতে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন মিজানুর রহমান মিনু।
সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ-উল-ইসলাম, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান এবং বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।
সভায় উপস্থিত কর্মকর্তারা মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ মতবিনিময় সভা প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমন্বয় জোরদারে ভূমিকা রাখবে।