নচিকেতা, পরমব্রতসহ ‘বঙ্গ সম্মাননা’ পাচ্ছেন পশ্চিমবঙ্গের একঝাঁক তারকা

অনলাইন ডেস্ক ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:১০ অপরাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:১০ অপরাহ্ন
নচিকেতা, পরমব্রতসহ ‘বঙ্গ সম্মাননা’ পাচ্ছেন পশ্চিমবঙ্গের একঝাঁক তারকা
সংগৃহীত ছবি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ বছরের ‘বঙ্গবিভূষণ’ ও ‘বঙ্গভূষণ’ সম্মাননা ঘোষণা করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সংগীতে বিশেষ অবদানের জন্য গায়ক নচিকেতা চক্রবর্তীসহ বেশ কয়েকজন শিল্পী এবং অভিনয় জগতে অবদানের স্বীকৃতি হিসেবে অভিনেতা পরমব্রত চ্যাটার্জি এই মর্যাদাপূর্ণ তালিকায় স্থান পেয়েছেন। আজ ২১ ফেব্রুয়ারি রাজ্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই নামগুলো প্রকাশ করা হয়। 

পাশাপাশি সংগীত অঙ্গনে অবদানের জন্য একই সম্মাননা পাচ্ছেন গায়ক মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, রূপঙ্কর বাগচি, কার্তিক দাস বাউল ও অদিতি মুন্সী। 

অন্যদিকে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘বঙ্গবিভূষণ’ পাচ্ছেন বিশিষ্ট সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র, ইমন চক্রবর্তী এবং বর্তমান বিধায়ক ও গায়ক বাবুল সুপ্রিয়।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ কৃতি ব্যক্তিদের এই রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করে থাকে। এ বছরের তালিকায় সংগীত ও বিনোদন জগতের প্রাধান্য দেখা গেছে। 

বঙ্গবিভূষণ পাওয়া অন্যান্যদের মধ্যে রয়েছেন অনন্ত মহারাজ, শিবাজী চট্টোপাধ্যায়, চিত্রশিল্পী গণেশ চন্দ্র হালুই এবং বিশিষ্ট কবি ও গীতিকার শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। এ ছাড়া বঙ্গভূষণ তালিকায় আরও স্থান পেয়েছেন কলেন্দ্র নাথ মান্ডি, শ্যামচাঁদ বাগদি ও নাজমুল হকসহ বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। প্রতি বছর বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে গুণীজনদের হাতে এই পদক ও সম্মাননা তুলে দেওয়া হয়।