‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ

Actress Kareena Kapoor
অনলাইন ডেস্ক ১১ নভেম্বর ২০২৬ ০৮:৪৮ অপরাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক ১১ নভেম্বর ২০২৬ ০৮:৪৮ অপরাহ্ন
‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ
সংগৃহীত ছবি

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের পরা একটি গয়না ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। জানা গেছে, গয়নাটিতে পবিত্র কোরআনের আয়াত ‘আয়াতুল কুরসি’ খোদাই করা থাকায় তাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সম্প্রতি দীপাবলি উপলক্ষে একটি অনুষ্ঠানে ওই গয়না পরে হাজির হয়েছিলেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, কারিনার পরা গয়নাটি ছিল ৩০ ক্যারেটের পান্নার লকেট।

এটি ভোপালের বেগমের পরিবারের ঐতিহ্যবাহী গয়না। অভিনেতা সাইফ আলী খানকে বিয়ের পর পারিবারিক সূত্রে গয়নাটি কারিনার কাছে আসে।

কারিনার সাজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তার স্টাইলিস্ট রিয়া কাপুর। ছবিতে দেখা যায়, অভিনেত্রী বেইজ রঙের একটি কাফ্তান পরেছেন।

এর সঙ্গে ছিল মানানসই পাগড়ি ও ঝলমলে কলগি।

রিয়া জানান, লকেটটি ভোপালের বেগমের ৩০ ক্যারেটের পান্না, যাতে ‘আয়াতুল কুরসি’ খোদাই করা রয়েছে। পাগড়িতে থাকা কলগিটিও প্রায় ২০০ বছরের পুরনো। এটি ভোপালের নবাবের পরিবারের ঐতিহ্যবাহী অলংকার।

কারিনার এই সাজের ছবি প্রকাশের পর বিষয়টি নিয়ে আপত্তি জানান সামাজিককর্মী আব্বাস হাফিজসহ মুসলিম সম্প্রদায়ের কয়েকজন সদস্য। তাদের আপত্তির পর অভিনেত্রীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

উল্লেখ্য, অভিনেতা সাইফ আলী খানের দাদি সাজিদা সুলতান ছিলেন ভোপালের শেষ শাসক নবাবের মেয়ে। সে সূত্রেই গয়নাগুলো সাইফের পরিবারের ঐতিহ্যের অংশ। দীপাবলির সাজে কারিনা ছবিগুলো প্রকাশ করে লিখেছিলেন, ‘দীপাবলি মানেই ঐতিহ্য মেনে উদযাপন।’