রাজশাহীতে নেশায় বাধা দেওয়ায় স্ত্রীর মুখ ও শরীরে এসিড ঢালল স্বামী

Husband pours acid on wife's face and body for stopping her from getting drunk
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:- ১১ নভেম্বর ২০২৬ ০৬:৫২ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:- ১১ নভেম্বর ২০২৬ ০৬:৫২ অপরাহ্ন
রাজশাহীতে নেশায় বাধা দেওয়ায় স্ত্রীর মুখ ও শরীরে এসিড ঢালল স্বামী
রাজশাহীতে নেশা করতে নিষেধ করায় এক গৃহবধূর মুখ ও শরীরে অটোরিকশার ব্যাটারির এসিড ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

রাজশাহীতে নেশা করতে নিষেধ করায় এক গৃহবধূর মুখ ও শরীরে অটোরিকশার ব্যাটারির এসিড ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

 ঘটনার ছয় দিন পর চিকিৎসাধীন অবস্থা থেকে ফিরে মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে বোয়ালিয়া থানায় এসিড অপরাধ দমন আইনে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ঐ নারী।

​গত ৫ নভেম্বর রাতে মহানগরীর দড়িখরবোনা রেলগেট সংলগ্ন শাহীন বস্তি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

​অভিযুক্ত স্বামীর নাম শহিদুল ইসলাম (৩২)। তিনি রাজশাহী শহরের অটোরিকশাচালক এবং তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের মালশিরা গ্রামের মৃত সেকেন আলীর ছেলে। 

ভুক্তভোগী গৃহবধূ তৃষা খাতুন (২১) একই গ্রামের শাহীন আলীর মেয়ে। এ দম্পতির আলেয়া নামের চার বছরের একটি কন্যাসন্তান রয়েছে। পাঁচ বছর আগে প্রেমের সম্পর্কে তাদের বিয়ে হয়। বর্তমানে তারা নগরীর দড়িখরবোনা রেলগেট এলাকার শাহীন বস্তিতে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

​ভুক্তভোগীর ভাষ্য:-

মঙ্গলবার (১০ নম্বর) রাতে কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের কাছে নিজের ওপর নির্যাতনের বর্ণনা দেন তৃষা খাতুন। তিনি জানান, স্বামী শহিদুল প্রতিদিন অটোরিকশা চালিয়ে যে টাকা রোজগার করতেন, তার পুরোটাই মাদকের পেছনে উড়িয়ে দিতেন। সংসার ও সন্তানের ভরণপোষণ দিতেন না। পেটের দায়ে তৃষা দুটি বাড়িতে গৃহকর্মীর কাজ করে এবং সেই আয়ে বস্তির ঘরভাড়া ও কোনোমতে তিনবেলা খাবার জোগাড় করতেন।

​তৃষা অভিযোগ করে বলেন, “স্বামীকে নেশা করতে নিষেধ করলেই সে আমাকে প্রায়ই বেধড়ক পেটাতো। সে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চাকরিজীবী রাজু নামের একজনের সাথে নিয়মিত নেশা করত। সর্বশেষ গত ৫ নভেম্বর রাতে ঘরে ফিরে সে নেশা করার চেষ্টা করলে আমি আবারও বারণ করি। এতে ক্ষিপ্ত হয়ে সে তার অটোরিকশার ব্যাটারির এসিড এনে আমার মুখ ও গায়ে ঢেলে দেয়। এতে আমার মুখের একপাশ ও শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।”

​তিনি আরও জানান, হাসপাতালে ৬ দিন প্রচণ্ড যন্ত্রণা সহ্য করে কোনো রকমে জীবন নিয়ে ফিরেছেন।

তিনি আরো জানান,  হাসপাতালের দিনগুলোতে কেউ তাকে সহযোগিতা করেনি। চার বছরের শিশুসন্তানকে নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। স্বামী ঘটনার পর থেকে কোনো খোঁজ নেননি এবং মামলা না করার জন্য লোক মারফত প্রাণনাশের হুমকি দিচ্ছেন। বর্তমানে শিশুসন্তানকে নিয়ে চরম নিরাপত্তাহীনতা ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তিনি।

​স্বামীর বক্তব্য:-

এ বিষয়ে অভিযুক্ত অটোরিকশাচালক শহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি এসিড মারার অভিযোগ স্বীকার করে বলেন, “নেশা করার বিষয়টি সত্য নয়। তবে বিভিন্ন বিষয় নিয়ে আমার সাথে তার ঝামেলা হতো, সে আমার কথা শুনতো না এবং আমাকে ঘর থেকে বের করে দিতো—এসব ক্ষোভে আমি তার গায়ে এসিড মেরেছি।

​পুলিশের বক্তব্য:-

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মুস্তারী জানান, ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় নিয়মিত মামলা রেকর্ড করা হয়েছে। বর্তমানে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।