চাঁপাইনবাবগঞ্জে ওঁরাও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সোহরাই ও গোয়ালপূজা উৎসব অনুষ্ঠিত

Sohrai and Goyal Puja Festival
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: ১১ নভেম্বর ২০২৬ ০৬:২৬ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: ১১ নভেম্বর ২০২৬ ০৬:২৬ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে ওঁরাও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সোহরাই ও গোয়ালপূজা উৎসব অনুষ্ঠিত
আদিবাসী ওঁরাও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বা‌তিপ্রজ্বলন ‘দীপাব‌লি’ ও গোয়ালপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কাসরইল কেনুপাড়া মাঠে বসেছে বর্ণিল গ্রামীণ মেলা ও সাংস্কৃতিক উৎসব।

বরেন্দ্র অঞ্চলের আদিবাসী ওঁরাও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বা‌তিপ্রজ্বলন ‘দীপাব‌লি’ ও গোয়ালপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কাসরইল কেনুপাড়া মাঠে বসেছে বর্ণিল গ্রামীণ মেলা ও সাংস্কৃতিক উৎসব। নিজেদের কৃষ্টি ও ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দিতে ‘কাসরইল ঝান্ডি উৎসব উদযাপন কমিটি’ এই উৎসবের আয়োজন করে।

​উৎসবকে কেন্দ্র করে গত মঙ্গলবার থেকেই বরেন্দ্র অঞ্চলের ওঁরাও অধ্যুষিত গ্রামগুলোতে শুরু হয় আনন্দোৎসব। প্রথম দিন ওঁরাওরা নিজ নিজ বাড়ি, বাড়ির চারপাশ, তুলসীতলা, ধানখেত, বাঁশবাগান ও সমাধিস্থলে মাটির প্রদীপ জ্বালিয়ে ‘সোহরাই’ উৎসবের সূচনা করেন।


​পরদিন সকাল থেকে শুরু হয় গোয়ালপূজা এবং গবাদিপশুর বিশেষ যত্নআত্তি। ননাহার, বসনাইল, সিদ্ধিগাওগ্রামসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, পরিচ্ছন্নতার এক অপূর্ব দৃশ্য। মাটির তৈরি প্রতিটি বাড়ি ধুয়েমুছে ঝকঝক করা হচ্ছে। হালের লাঙল-জোয়াল, দা-কাস্তে থেকে শুরু করে বাড়ির দরজার কপাট পর্যন্ত ধুয়েমুছে রোদে শুকিয়ে তাতে লাগানো হয়েছে চালের আটার পেস্ট (গোলানি) ও সিঁদুরের ফোঁটা। গৃহপালিত গবাদিপশুগুলোর শিঙে তেল ও সিঁদুর লাগিয়ে বিশেষ যত্ন নেওয়া হয়।

​উৎসবের মূল আকর্ষণ ছিল কাসরইল কেনুপাড়া মাঠের জমজমাট আয়োজন। সেখানে বাঁশের মাথায় সাদা পতাকা (ঝান্ডি) বেঁধে, তার চারদিক ঘিরে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে ওঁরাও নারী-পুরুষের ঐতিহ্যবাহী নাচ ও গান। নওগাঁ ও গোমস্তাপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা ওঁরাও সম্প্রদায়ের বেশ কয়েকটি সাংস্কৃতিক দল এতে অংশ নিয়ে মনোজ্ঞ নাচ-গান পরিবেশন করে। পরে আয়োজক কমিটির পক্ষ থেকে অংশগ্রহণকারী দলগুলোকে পুরস্কৃত করা হয়।

​ঐতিহ্যবাহী এই উৎসব দেখতে আদিবাসী ওঁরাও ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের শত শত মানুষ ভিড় জমান। গ্রামীণ এই মেলা ও উৎসবকে কেন্দ্র করে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।