রামেক হাসপাতালে গ্রিলবিহীন অরক্ষিত বারান্দা থেকে পড়ে শিশুর মৃত্যু

Child dies after falling from unsecured balcony without grill
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:- ১১ নভেম্বর ২০২৬ ০৬:৩৯ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:- ১১ নভেম্বর ২০২৬ ০৬:৩৯ অপরাহ্ন
রামেক হাসপাতালে গ্রিলবিহীন অরক্ষিত  বারান্দা থেকে পড়ে শিশুর মৃত্যু
(রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রোগীর খোঁজখবর ও কাগজপত্র গুছিয়ে বাড়ি ফেরার প্রস্তুতির সময় গ্রিলবিহীন অরক্ষিত বারান্দা থেকে নিচে পড়ে আবু হুরাইরা (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রোগীর খোঁজখবর ও কাগজপত্র গুছিয়ে বাড়ি ফেরার প্রস্তুতির সময় গ্রিলবিহীন অরক্ষিত বারান্দা থেকে নিচে পড়ে আবু হুরাইরা (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​ বুধবার (১১ নভেম্বর) দুপুরে হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আবু হুরাইরার বাড়ি কুষ্টিয়া সদর এলাকায়। তার বাবা হৃদয় আলী ডেঙ্গু আক্রান্ত হয়ে এবং বড় বোন উম্মে খাদিজা (৬) জন্মগত কিডনি জটিলতা নিয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

​হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, ডেঙ্গু আক্রান্ত হয়ে বাবা হৃদয় আলী ১৪ নম্বর ওয়ার্ডে এবং জন্মগতভাবে এক কিডনি না থাকা ও পেটের সমস্যায় আক্রান্ত ছয় বছরের মেয়ে উম্মে খাদিজা ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিল। দীর্ঘ চিকিৎসার খরচ জোগাতে গিয়ে পরিবারটির জমানো সব টাকাপয়সা প্রায় শেষ হয়ে গিয়েছিল। এমন পরিস্থিতিতে চরম আর্থিক ও মানসিক সংকটে পড়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন শিশুটির মা সেলিনা বেগম।

​দুপুরে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে চিকিৎসকের চেম্বারে ছোটাছুটি করছিলেন তিনি। এ সময় ওয়ার্ডের গেট খোলা পেয়ে হাঁটতে হাঁটতে বারান্দায় চলে যায় দুই বছরের শিশু আবু হুরাইরা। বারান্দাটি নিরাপত্তার জন্য গ্রিলবিহীন ছিল এবং সেখানে তখন পিলারের প্লাস্টারের কাজ চলছিল।নির্মাণকাজ চলায় স্থানটি কিছুটা অরক্ষিত অবস্থায় ছিল। ওই অরক্ষিত অংশ দিয়েই নিচে পড়ে গুরুতর আহত হয় শিশুটি।

​দুর্ঘটনার পর দ্রুত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে নিয়ে জরুরি চিকিৎসা শুরু করা হয়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে বেলা আড়াইটার দিকে তার মৃত্যু হয়। 

মৃত্যুর পরও শিশুটির নিথর দেহে স্যালাইন লাগানো ছিল এবং নাক দিয়ে রক্ত ঝরছিল। সন্তান হারানোর এই আকস্মিক শোকে হাসপাতালে শোকের ছায়া নেমে আসে। 

খবর পেয়ে উৎসুক ও স্বজনদের ভিড় জমে যায়, যা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেন আনসার সদস্যরা।

​এদিকে ১১ নম্বর ওয়ার্ডের সামনের করিডরের একটি বিছানায় বসে অসুস্থ শরীরেই আহাজারি করছিলেন শোকাহত বাবা হৃদয় আলী। তার পাশেই ফ্যাকাশে চোখে বসে ছিল অসুস্থ বোন উম্মে খাদিজা। নিজের ও বোনের চিকিৎসার লড়াইয়ের মাঝেই এমন ট্র্যাজেডি পরিবারটিকে পুরোপুরি ভেঙে দিয়েছে।

​এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, “ওটা নির্মাণাধীন জায়গা হওয়ায় কিছুটা অরক্ষিত ছিল। শিশুটি অভিভাবকহীন অবস্থায় খেলতে খেলতে পড়ে যায়। দ্রুত চিকিৎসা শুরু হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

​তিনি আরও জানান, হাসপাতালের দাপ্তরিক এবং পুলিশের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।