কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পরিত্যক্ত কার্যালয়ে পতাকা ও ছবি টাঙানোর ঘটনা, রাজশাহী নগরে ভোরে স্লোগান দিয়ে চলে যান চার ব্যক্তি
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন নতুন বিল শিমলা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন রাজশাহী জেলা আওয়ামী লীগের একটি পরিত্যক্ত কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা এবং শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙানোর অভিযোগ পাওয়া গেছে।
আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে চারজন অজ্ঞাত ব্যক্তি এ কাজ করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে কয়েকজন ব্যক্তি এসে কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা টাঙান এবং ভবনের দেয়ালে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি স্থাপন করেন। এ সময় তারা সংগঠনটির বিভিন্ন স্লোগান দেন। অল্প সময় অবস্থান করার পর তারা সেখান থেকে দ্রুত চলে যান।
ঘটনার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। বাংলাদেশ ছাত্রলীগের রাজশাহী কলেজ শাখার সভাপতি রাশিক দত্তের ফেসবুক পেজে এ–সংক্রান্ত একটি পোস্ট দেওয়া হয় বলে জানা গেছে।
এ বিষয়ে শাহমখদুম থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে বলে জানা গেছে।