রাজশাহীতে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল

Discussion meeting and iftar party
ছোটন সরদার ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪৪ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪৪ অপরাহ্ন
রাজশাহীতে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল
রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর অন্তর্গত ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর অন্তর্গত ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ১০ মিনিট থেকে ৬টা ১০ মিনিট পর্যন্ত রাজপাড়া থানার কোর্ট বুলুনপুর এলাকায় ওয়ার্ড কার্যালয়ের সামনে এ কর্মসূচি হয়। আয়োজকদের দাবি, এতে প্রায় ৫০ থেকে ৬০ জন নেতা–কর্মী অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। আরও বক্তব্য দেন মহানগরের সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান সোহেল, রাজপাড়া থানা জামায়াতের সেক্রেটারি মো. মাহবুবুর রহমান, ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. গুলজার হোসেন ও সেক্রেটারি মো. ওবায়দুর রহমান।

আলোচনা সভায় বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় সবার প্রতি আহ্বান জানান। ডা. মোহাম্মদ জাহাঙ্গীর তাঁর বক্তব্যে বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে দলীয় নেতাকর্মীরা পুনরায় একত্রিত হয়ে মতবিনিময় করছেন এবং মহানগরের প্রতিটি ওয়ার্ডে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

তিনি বলেন, সম্প্রতি অনুষ্ঠিত রাজশাহী-২ আসনের নির্বাচনে দল উল্লেখযোগ্য সাড়া পেলেও কিছু ভুলত্রুটির কারণে জয়ী হওয়া সম্ভব হয়নি। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে জনসাধারণের সঙ্গে সংযোগ আরও জোরদার করার আহ্বান জানান তিনি। পাশাপাশি আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মহানগরের ৩০টি ওয়ার্ডেই কাউন্সিলর পদে দলীয় প্রার্থী দেওয়ার কথাও উল্লেখ করেন।

আলোচনা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে ইফতার গ্রহণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।