বাজার তদারকিতে ম্যাজিস্ট্রেটকে হুমকি: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ক্যাবের স্মারকলিপি
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকিতে গিয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রকাশ্যে হুমকির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্মারকলিপি দিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), রাজশাহী।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক আফিয়া আখতারের কার্যালয়ে তাঁর কাছে স্মারকলিপি হস্তান্তর করেন ক্যাব রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন। এ সময় সংগঠনের সহসভাপতি মিজানুর রহমান, ক্যাব ইউথ রাজশাহীর সভাপতি জুলফিকার আলী হায়দার, পবা উপজেলা ক্যাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম, মোহনপুর উপজেলা ক্যাবের সভাপতি রুবেল সরকার, সদস্য জাহিদ হাসান পলাশ ও অধ্যাপক ওবায়দুল রহমান হেলাল উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, রমজান মাসে বাজার মনিটরিং কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মুনাফা আদায় কিংবা ভেজাল পণ্য বিক্রির চেষ্টা করে থাকে। এমন প্রেক্ষাপটে দায়িত্ব পালনকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডলকে হুমকি দেওয়া শুধু ব্যক্তিগত নিরাপত্তার বিষয় নয়; এটি রাষ্ট্রীয় আইন প্রয়োগ কার্যক্রমে বাধা দেওয়ার শামিল।
স্মারকলিপি প্রদান শেষে গোলাম মোস্তফা মামুন বলেন, “রমজানে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে চান। বাজার তদারকির মাধ্যমে প্রশাসন সেই অধিকার নিশ্চিত করার চেষ্টা করছে। সেখানে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল জব্বার মণ্ডলকে হুমকি দেওয়া অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় না আনলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে।”
তিনি আরও বলেন, বাজারে শৃঙ্খলা রক্ষা ও ভোক্তার অধিকার সুরক্ষায় প্রশাসনের অভিযান যেন নির্বিঘ্নে পরিচালিত হয়, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ও সমন্বয় নিশ্চিত করতে হবে। কোনো প্রভাবশালী মহল বা অসাধু ব্যবসায়ী যাতে আইনের ঊর্ধ্বে থাকতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে কঠোর অবস্থান নিতে হবে।
ক্যাবের পক্ষ থেকে কয়েক দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—বাজার তদারকিমূলক অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, হুমকি বা বাধা প্রদানকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া, জেলা ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত জোরদার করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ।
এর আগে গত রোববার নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে ক্যাব রাজশাহী। সংগঠনের নেতারা বলেন, বাজারে শৃঙ্খলা ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রশাসনের কার্যক্রমে বাধা দেওয়া মানে সরাসরি ভোক্তার অধিকারের ওপর আঘাত।তাই জড়িতদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান।