আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস কর্মসূচি সফল করতে বিভাগীয় সমন্বয় সভা

'National Voters Day-2026'
ছোটন সরদার ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৩৯ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৩৯ অপরাহ্ন
আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস  কর্মসূচি সফল করতে বিভাগীয় সমন্বয় সভা
আগামী ২ মার্চ পালিত হবে ‘জাতীয় ভোটার দিবস-২০২৬।

আগামী ২ মার্চ পালিত হবে ‘জাতীয় ভোটার দিবস-২০২৬। দিবসটি যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে সমন্বিত প্রস্তুতি নেওয়া হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ও জাতীয় ভোটার দিবস উদযাপন বিভাগীয় সমন্বয় কমিটির সভাপতি ড. আ. ন. ম. বজলুর রশীদ।

সভায় জানানো হয়, ‘ভোটারদের শক্তি, গণতন্ত্রের মুক্তি’—এই প্রতিপাদ্য সামনে রেখে বিভাগজুড়ে র‌্যালি, আলোচনা সভা, আলোকসজ্জা, গণসচেতনতামূলক প্রচারণা এবং নতুন ভোটারদের উদ্বুদ্ধকরণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিশেষ করে তরুণদের ভোটার হিসেবে নিবন্ধনে আগ্রহী করে তোলা এবং তথ্য হালনাগাদ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

সভাপতির বক্তব্যে ড. বজলুর রশীদ বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটার হিসেবে নাগরিকের অংশগ্রহণই রাষ্ট্র পরিচালনার ভিত্তি। জাতীয় ভোটার দিবস কেবল আনুষ্ঠানিকতা নয়; এটি ভোটারদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টির গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি জেলা ও উপজেলা প্রশাসনকে সমন্বিতভাবে কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেন।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও কমিটির সদস্যসচিব মো. আনিছুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, রাজশাহী রেঞ্জ কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন, জেলা প্রশাসক আফিয়া আখতার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ইব্রাহিম আলী, রুয়েটের প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. নিয়ামুল বারী, বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ফারুক আহম্মেদ, সাবেক জেলা ও দায়রা জজ মো. গোলাম ফারুক, আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান এবং রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় আশা প্রকাশ করা হয়, বিভাগব্যাপী সমন্বিত উদ্যোগের মাধ্যমে জাতীয় ভোটার দিবস-২০২৬ সফলভাবে উদযাপিত হবে এবং গণতান্ত্রিক চর্চা আরও শক্তিশালী হবে।