ঈদে আসছে ‘প্রেশার কুকার’ মাসুদকে উৎসর্গ করলেন রাফী

'Pressure Cooker' movie
অনলাইন ডেস্ক ০১ মার্চ ২০২৬ ১১:২৬ পূর্বাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক ০১ মার্চ ২০২৬ ১১:২৬ পূর্বাহ্ন
ঈদে আসছে ‘প্রেশার কুকার’ মাসুদকে উৎসর্গ করলেন রাফী
__সংগৃহীত ছবি

নির্মাতা তারেক মাসুদকে নিজের প্রথম প্রযোজিত সিনেমা উৎসর্গ করলেন রায়হান রাফী। মাদ্রাসাছাত্র থেকে চলচ্চিত্র নির্মাতা হওয়ার স্বপ্নে বিভোর রাফীর অনুপ্রেরণা ছিলেন তারেক মাসুদ। সেই শ্রদ্ধা থেকেই আসন্ন ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা ‘প্রেশার কুকার’ সিনেমাটি গুণী এই নির্মাতাকে উৎসর্গ করেছেন তিনি। 

সিনেমাটি উৎসর্গ করা প্রসঙ্গে রায়হান রাফী জানান, মাদ্রাসায় পড়ার সময় চলচ্চিত্র নির্মাতা হওয়ার স্বপ্ন দেখলেও তা পূরণ হওয়া নিয়ে শঙ্কায় ছিলেন তিনি। তবে তারেক মাসুদের ‘মাটির ময়না’ সিনেমা এবং তার মাদ্রাসা জীবনের গল্প রাফীকে আত্মবিশ্বাস জোগায়। 

তারেক মাসুদকে উৎসর্গ করা প্রসঙ্গে রায়হান রাফী বলেন, প্রেশার কুকার দিয়ে প্রযোজক হিসেবে আমার যাত্রা শুরু হচ্ছে। তারেক মাসুদকে দেখে সিনেমা বানাতে অনুপ্রাণিত হয়েছি। তাই মনে হয়েছে আমার প্রথম প্রযোজিত সিনেমাটি তাকে উৎসর্গ করা যায়।

সম্প্রতি প্রকাশিত সিনেমার নতুন পোস্টারেও ‘মাটির ময়না’র আবহের প্রতিফলন দেখা গেছে। এক পোস্টে রাফী লেখেন, কোন মাটির ময়না গাইবে আমার মুক্তির গান? আ ট্রিবিউট টু তারেক মাসুদ। প্রেশার কুকার আসছে ঈদুল ফিতরে, আপনার কাছের সিনেমা হলে।

নারীকেন্দ্রিক গল্পে নির্মিত ‘প্রেশার কুকার’ সিনেমায় প্রধান চারটি চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধ চৌধুরী। গত চার বছর কোরবানির ঈদে সিনেমা মুক্তি দিলেও এবার রোজার ঈদে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির পরিকল্পনা তার। ঢাকা শহরের দ্রুত সাফল্য পাওয়ার তীব্র প্রতিযোগিতা এবং নারীদের জীবনের সংগ্রামকে রূপক অর্থে ‘প্রেশার কুকার’-এর সঙ্গে তুলনা করেছেন নির্মাতা। যেখানে শেষ পর্যন্ত একদল নারীর মুক্তির গান ফুটে উঠবে বলে জানান তিনি।