রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির অপসারণ দাবিতে মানববন্ধন

Human chain demanding removal of VC
ছোটন সরদার ০৪ মার্চ ২০২৬ ০৪:৩৩ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ০৪ মার্চ ২০২৬ ০৪:৩৩ অপরাহ্ন
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির অপসারণ দাবিতে মানববন্ধন
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ডা. মো. জাওয়াদুল হকের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ডা. মো. জাওয়াদুল হকের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সচেতন রাজশাহীবাসীর ব্যানারে স্থানীয় কয়েকজন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। বুধবার (৪ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা ভিসির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন। তাঁদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই প্রশাসনিক ও আর্থিক বিভিন্ন খাতে অনিয়ম হয়েছে। সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে প্রকাশিত ‘৯ শতাংশ চাঁদা চাওয়ার’ অভিযোগের বিষয়েও তাঁরা প্রতিবাদ ও নিন্দা জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমান, রাজশাহী জেলা বিএনপির সদস্য ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহসভাপতি ও জাতীয় পার্টির রাজশাহী মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সালাউদ্দিন মিন্টু, রাজশাহী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আসলাম উদ দৌলা এবং জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগের আহ্বায়ক মো. নূরে ইসলাম মিলনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে ভূমি অধিগ্রহণ, বিভিন্ন নিয়োগ ও প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত একাধিক বিষয়ে অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। একই সঙ্গে তিন কর্মদিবসের মধ্যে ভিসির অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মানববন্ধনকারীরা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়।

তবে ভিসি ডা. মো. জাওয়াদুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।