সাহেব বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণে সামারি ট্রায়াল, তিন প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহী মহানগরীর সাহেব বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণে সামারি ট্রায়াল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৪ মার্চ ২০২৬) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত বোয়ালিয়া থানাধীন সাহেব বাজারের বিভিন্ন মিষ্টির দোকান ও কাপড়ের মার্কেটে এ অভিযান পরিচালনা করেন রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহ।
অভিযানকালে নবরূপ মিষ্টান্ন ভান্ডারে ওজন কম দিয়ে পণ্য বিক্রি এবং একটি পণ্যে বিএসটিআই অনুমোদন না থাকার প্রমাণ পাওয়া যায়। এ দুই অভিযোগে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মৌচাক মিষ্টি ভান্ডারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে দই বিক্রি করায় ১০ হাজার টাকা এবং শেখ গার্মেন্টসে ক্রয় রশিদ প্রদর্শন করতে না পারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোক্তাদের অধিকার নিশ্চিত করা এবং বাজারে ন্যায্যমূল্য ও সঠিক মান বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভোক্তা অধিকার আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।