রাজশাহীতে নশট্রিতে আইএলও প্রতিনিধিদলের মতবিনিময় সভা ॥ শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ
রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট (নশট্রি)-এ আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বাংলাদেশের চার সদস্যের একটি প্রতিনিধি দল কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে।
আজ বুধবার (০৪ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন তেরোখাদিয়ায় অবস্থিত নশট্রি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আইএলও প্রতিনিধি দল নশট্রির কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে প্রায় ১৫ থেকে ২০ মিনিট মতবিনিময় করেন।
সভায় উপস্থিত ছিলেন নশট্রি, রাজশাহীর যুগ্ম পরিচালক মো. বুলবুল আহমেদ। আইএলও বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন টেকনিক্যাল স্পেশালিস্ট মি. রোনাল্ড ফ্রান্সিস জনসন, সিনিয়র প্রোগ্রাম অফিসার মি. সাটিল মাহমুদ ও মি. বোরহান উদ্দিন এবং প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট চন্দা মণ্ডল।
মতবিনিময়কালে বক্তারা বাংলাদেশের শিল্প-কারখানায় কর্মরত শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, পেশাগত স্বাস্থ্যঝুঁকি হ্রাস, নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলা এবং গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে কর্মক্ষেত্রে দুর্ঘটনা প্রতিরোধ, স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ সৃষ্টি এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।
সভাটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
উল্লেখ্য, আইএলও’র প্রতিনিধি দল আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টা থেকে নশট্রির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পুনরায় মতবিনিময় করবেন বলে জানা যায়।